Advertisement
Us Bangla Airlines
জাতীয় দলের দায়িত্ব হারাচ্ছেন সালাহউদ্দিন

জাতীয় দলের দায়িত্ব হারাচ্ছেন সালাহউদ্দিন

খেলা ডেস্ক

২৩ এপ্রিল ২০২৬, ১৬:৩৬

বাংলাদেশ জাতীয় দলের ডাগআউট থেকে সরে নতুন ভূমিকায় দেখা যেতে পারে কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। সবকিছু ঠিক থাকলে হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অভিজ্ঞ এই কোচ। জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে বিসিবির এই পরিকল্পনা ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা।

ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার অন্যতম ভিত্তি এইচপি ইউনিট। প্রতি মৌসুমেই আলাদা সূচি ও পরিকল্পনায় সাজানো হয় এই বিভাগকে। আসন্ন মৌসুমেও তার ব্যতিক্রম হচ্ছে না। বরং আরও জোরালোভাবে এইচপিকে এগিয়ে নিতে সালাউদ্দিনের মতো অভিজ্ঞ কোচের ওপর আস্থা রাখছে বিসিবি।

জানা গেছে, চলতি মাসেই বিসিবি সভাপতি তামিম ইকবাল এইচপি বিভাগের সার্বিক বিষয় নিয়ে বৈঠকে বসবেন। সেখানেই চূড়ান্ত হতে পারে পরিকল্পনার খুঁটিনাটি। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের এইচপি দলে নির্দিষ্ট কোনো বয়সসীমা থাকছে না, যা নির্বাচনে আনতে পারে নতুন মাত্রা।

পরিকল্পনা অনুযায়ী, আগামী মে মাসেই শুরু হবে এইচপি দলের অনুশীলন ক্যাম্প। এরপর জুনে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ‘এ’ দল, যেখানে ম্যাচ খেলার সুযোগ পাবে এইচপির ক্রিকেটাররা। জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে দলটি। সেখানে তিনটি একদিনের ম্যাচের পাশাপাশি দুটি চার দিনের ম্যাচ খেলবে তারা।

ব্যস্ত সূচির ধারাবাহিকতায় ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফরও রয়েছে এইচপি দলের সামনে। সেখানে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার পর খেলবে দুটি চার দিনের ম্যাচ। পাশাপাশি ইমার্জিং এশিয়া কাপেও এইচপি থেকে ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

জাতীয় দলের দায়িত্ব হারালেও নতুন চ্যালেঞ্জে নামতে যাচ্ছেন সালাউদ্দিন। ডেভিড হ্যাম্পের জায়গায় দায়িত্ব নেবেন তিনি। সহকারী কোচ হিসেবে সোহেল ইসলামকে পাশে পাচ্ছেন সালাহউদ্দিন। দেখার পালা, নতুন দায়িত্বে কতটা সফল হয়ে ওঠেন এই দেশি কোচ।

এমআই