Advertisement
Us Bangla Airlines
শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজ ঝড়ে সিরিজ জিতল বাংলাদেশ

শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজ ঝড়ে সিরিজ জিতল বাংলাদেশ

খেলা ডেস্ক

২৩ এপ্রিল ২০২৬, ১৯:০৬

শুরুটা ছিল হতাশার, শেষটা রূপ নিল দাপুটে উদযাপনে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হার দিয়ে শুরু করা বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে জিতে নিল নির্ধারণী লড়াই। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে ব্যাটে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, আর বলে মোস্তাফিজুর রহমানের ঝড়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ইনিংসের দ্বিতীয় বলেই ফেরেন সাইফ হাসান। এরপর তানজিদ হাসান তামিমও ব্যর্থ। ৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ৩২ রানে ফিরেন তিনে নামা সৌম্য সরকারও। তবে সেই চাপ সামাল দেন শান্ত ও লিটন কুমার দাস।

ধীরে শুরু করে পরে গতি বাড়ান দুজনই। ১৬০ রানের জুটিতে মজবুত ভিত পায় বাংলাদেশ। লিটন কুমার দাস ৭৬ রানে থামলেও অপর প্রান্তে অনন্য ছিলেন শান্ত। ১১৯ বলে ১০৫ রানের ইনিংসে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। শেষ দিকে ছোট ছোট অবদানে ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান তোলে বাংলাদেশ।

২৬৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। নতুন বলে আঘাত হানেন মোস্তাফিজ। হেনরি নিকোলসকে ফিরিয়ে ভাঙেন উদ্বোধনী জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে কিউইদের চাপে রাখেন বাংলাদেশের বোলাররা।

উইল ইয়াং থিতু হয়েও বড় করতে পারেননি ইনিংস। অধিনায়ক টম ল্যাথামও ব্যর্থ হন। ৬১ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড। সেখান থেকে নিক কেলি ও মোহাম্মদ আব্বাস কিছুটা প্রতিরোধ গড়েন। কেলি তুলে নেন ফিফটি, তবে ৫৯ রানে তাকে ফিরিয়ে আবারও জুটি ভাঙেন মোস্তাফিজ।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। শরিফুল ইসলামের আঘাতে বিদায় নেন আব্বাস। ডিন ফক্সক্রফট লড়াই চালিয়ে ৭৫ রান করলেও তা কেবল হারের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ৪৪.৫ ওভারে ২১০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। তাতে ৫৫ রানের সঙ্গে সিরিজও জিতে নিয়েছে লাল-সবুজের দল।

এমআই