‘সাকিব-মাশরাফি ক্রিকেটার নন, তারা এখন রাজনীতিবিদ’
খেলা ডেস্ক
২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৮
বাংলাদেশ ক্রিকেটের দুই উজ্জ্বল নাম সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। একসময় মাঠ কাঁপিয়েছেন পারফরম্যান্সে, নেতৃত্বে। তবে এখন তাদের পরিচয় ঘিরে নতুন বিতর্ক। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ায় তাদের ক্রিকেটার নয়, বরং রাজনীতিবিদ বলতে চান বিসিবির অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু।
ক্রিকেট ক্যারিয়ারের মাঝপথেই রাজনীতিতে সক্রিয় হন এই দুই তারকা। আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্যও হন তারা। তবে ২০২৪ সালের ৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলে যায় পরিস্থিতি। শেখ হাসিনা দেশ ছাড়ার পর নতুন বাস্তবতায় চাপে পড়েন এই দুই ক্রিকেটার।
মাশরাফি আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা না দিলেও আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরার সম্ভাবনা কার্যত নেই। অন্যদিকে খেলার সামর্থ্য থাকলেও আইনি জটিলতায় পড়েছেন সাকিব। একাধিক মামলার কারণে আপাতত তার দেশে ফেরা অনিশ্চিত হয়ে আছে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু বলেন, ‘সাকিব-মাশরাফি এখন রাজনীতিবিদ। খেলোয়াড় হওয়া আরেকটা বিষয়, রাজনীতি আরেকটা। তারা যেহেতু রাজনীতিতে গেছেন, সেভাবেই বিষয়গুলো মোকাবিলা করা উচিত।’
তিনি আরও বলেন, দেশের আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারলে তাদের ফেরার পথ খুলতে পারে, ‘আইন ফেস করে যদি তারা ক্লিন হয়ে দেশে আসতে পারে, আমরা অবশ্যই স্বাগত জানাব।’
রাজনীতিতে সম্পৃক্ততার কারণে দায় এড়ানোর সুযোগ নেই বলেও মনে করেন এই বিসিবি কর্মকর্তা। তিনি আরও বলেন, ‘একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে, বিশেষ করে সংসদ সদস্য হলে, সেই সময়ের ঘটনাগুলোর দায় কিছুটা হলেও নিতে হয়। তারা দেশে এসে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্দোষ প্রমাণ করতে পারলে আবার খেলাধুলায় ফিরতে পারবে।’
এমআই