সেঞ্চুরির ভিড়ে আইপিএলে প্রথম ফাইফার
খেলা ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬, ২২:৪৬
ব্যাটারদের দাপটের এই টি-টোয়েন্টি যুগে হঠাৎই ঝলসে উঠলেন এক পেসার। চারদিকে যখন বড় ইনিংসের গল্প, তখন বল হাতে ম্যাচ কাঁপিয়ে দিলেন মহসিন খান। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়ে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ফাইফার। যা কুড়ি ওভারের ক্রিকেটে তার সেরা বোলিংও বটে।
রোববার লখনৌতে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৫ উইকেট নেন এই বাঁহাতি পেসার। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই তার প্রথম পাঁচ উইকেট শিকার। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে একবার এই কীর্তি গড়েছিলেন তিনি। আট সেঞ্চুরির মাঝে এবার প্রথম ফাইফার দেখল আইপিএল।
ম্যাচের শুরুতেই আঘাত হানেন মহসিন। দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে প্রায় নিখুঁত ‘উইকেট মেডেন’ দিয়ে যাত্রা শুরু। শেষ বলে আউট করেন টিম সাইফার্টকে। পরের ওভারেও থামেননি। এইবার শিকার আজিঙ্কা রাহানে, যিনি ক্যাচ তুলে দেন এইডেন মার্করামের হাতে।
পাওয়ার প্লের পর আবারও আক্রমণে এসে প্রথম বলেই ফেরান রভম্যান পাওয়েলকে। এরপর নিজের শেষ ওভারে নাটকীয়তা। প্রথমে ছক্কা খেলেও দ্রুত ঘুরে দাঁড়িয়ে আউট করেন ক্যামেরন গ্রিনকে। আর শেষ বলে আনকুল রয়কে ফেরিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেটের মাইলফলক।
এই কীর্তিতে মহসিন খান এখন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএলে পাঁচ উইকেট নেওয়া তৃতীয় বোলার। এর আগে ২০২২ সালে এই কীর্তি গড়েছিলেন জাসপ্রিত বুমরাহ ও লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।
এমআই