বাংলাদেশের নতুন দুশ্চিন্তা উইলিয়ামসনের ভাই ক্লিভার
খেলা ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ২১:০০
লফটেড শটে বাউন্ডারি, রিভার্স সুইপে চমক, আবার কখনো বাউন্সারে ইনোভেশন। ডিন ক্লিভারের ব্যাটে যেন ছিল রঙের খেলা। রিশাদ হোসেনকে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি ছোঁয়ার মুহূর্তেই বোঝা গেছে, কতটা আত্মবিশ্বাস নিয়ে খেলছিলেন এই কিউই ব্যাটার। পুরো ইনিংসে ৩৬০ ডিগ্রিতে শট খেলে বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষায় ফেলেছিলেন তিনি।
শুরু থেকেই ছিলেন আগ্রাসী। তানজিম সাকিবকে ডাউন দ্য উইকেটে এসে কাভারের ওপর দিয়ে চার মেরে জানান দেন নিজের ইচ্ছার কথা। এরপর রিপন মণ্ডলকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার, আবার লং অন দিয়ে সাকিবকে বাউন্ডারি, শরিফুল ইসলামের বাউন্সারে অভিনব শটে ছক্কা—প্রতিটি ডেলিভারিতেই ছিল ভিন্নতা।
রিশাদের বিপক্ষে রিভার্স সুইপও খেলেছেন দাপটের সঙ্গে। যেন একাই নাচিয়েছেন পুরো বোলিং আক্রমণ। তাতেই দেখা পেয়েছেন নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। তবে ক্লিভারের পরিচয় শুধু আগ্রাসী ব্যাটারেই সীমাবদ্ধ নয়। তিনি নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেইন উইলিয়ামসনের চাচাতো ভাই।
একই পরিবারের ক্রিকেট ঐতিহ্য বয়ে বেড়ালেও ক্যারিয়ারের পথটা আলাদা। যেখানে উইলিয়ামসন ধারাবাহিকতার প্রতীক, সেখানে ক্লিভার এখনো খুঁজছেন স্থায়িত্ব। ঘরোয়া ক্রিকেটে নজর কাড়ার পর ২০২২ সালে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় তার। এর আগে যুব পর্যায়েও প্রতিনিধিত্ব করেছেন নিউজিল্যান্ডকে।
তবে জাতীয় দলে জায়গা পাকাপোক্ত করতে পারেননি এখনো। ১০ ম্যাচে ২২১ রান, গড় ২৪। পরিসংখ্যান বলছে সম্ভাবনা আছে, কিন্তু ধারাবাহিকতা অনিয়মিত। দুই ফিফটির পাশাপাশি এক অঙ্কে আউট হওয়ার ঘটনাও কম নয়।
তাই নিউজিল্যান্ড দল তাকে ঘুরিয়ে-ফিরিয়ে সুযোগ দিচ্ছে তুলনামূলক কম শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। কিন্তু বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচেই জানিয়ে দিলেন নিজের সামর্থ্য। ১১ রানে দল বিপদে পড়লে ব্যাট হাতে হাল ধরেন তিনি।
শেষ পর্যন্ত ২৮ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন ক্লিভার, সাতটি বাউন্ডারি আর একটি ছক্কায় সাজানো। তবে তার ইনিংসের ইতি ঘটে রিশাদের বুদ্ধিদীপ্ত বলেই। গতি কমিয়ে দেওয়া ডেলিভারিতে রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ। তবুও ক্লিভারের এই ইনিংস জানান দেয়, সুযোগ পেলে তিনিই হতে পারেন বাংলাদেশের জন্য নতুন আতঙ্ক।
এমআই