সভাপতিসহ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সব সদস্যের পদত্যাগ
খেলা ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ২১:৩৫
শ্রীলঙ্কা ক্রিকেটে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন ঘটেছে। টানা সমালোচনা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর অবশেষে পদত্যাগ করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভাসহ নির্বাহী কমিটির সব সদস্য। এবার বাংলাদেশের মতো এডহক কমিটি দিয়ে চলবে লঙ্কান বোর্ড।
মঙ্গলবার প্রায় তিন ঘণ্টা ধরে চলা এক বিশেষ বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে। বোর্ডের একটি সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা পিটিআই। সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার ক্রীড়া মন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
তবে পদত্যাগের পরও বোর্ডের ভবিষ্যৎ কাঠামো নিয়ে কোনো স্পষ্ট ঘোষণা আসেনি। নতুন প্রশাসন কীভাবে গঠিত হবে, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হতে পারে।
দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ঘিরে বিতর্ক চলছিল। অভিযোগ ছিল প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির। সরকারের পক্ষ থেকেও বারবার পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত সেই চাপের মুখেই কার্যত সরে দাঁড়ালেন বর্তমান কমিটি।
উল্লেখ্য, শাম্মি সিলভা টানা চার মেয়াদে বোর্ডের দায়িত্বে ছিলেন। এর মধ্যে তিনবারই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, যা নিয়ে আগে থেকেই সমালোচনা চলছিল। প্রশাসনিক দুর্বলতা ও স্বচ্ছতার অভাবই শেষ পর্যন্ত এই পদত্যাগের পটভূমি তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।
এমআই