Advertisement
Us Bangla Airlines
কোয়ালিফায়ারে সেঞ্চুরির রেকর্ড গড়লেন বাবর আজম

কোয়ালিফায়ারে সেঞ্চুরির রেকর্ড গড়লেন বাবর আজম

খেলা ডেস্ক

২৮ এপ্রিল ২০২৬, ২৩:০৬

ফুল লেংথ বলটা সোজা ব্যাটে তুলে বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা। বল সীমানা ছাড়াতেই মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে উদযাপন। এই এক শটেই যেন নিজের রাতটা ঘোষণা করলেন বাবর আজম। পাকিস্তান সুপার লিগের কোয়ালিফায়ারে দুর্দান্ত এক সেঞ্চুরি করে গড়লেন নতুন রেকর্ড।

করাচিতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৫৯ বলে ১০৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন পেশাওয়ার জালমির অধিনায়ক। চারটি ছক্কা ও ১২টি চারে সাজানো এই ইনিংসে ছিল নিয়ন্ত্রণ, ছিল আত্মবিশ্বাস। এই সেঞ্চুরির মাধ্যমে পিএসএলে নিজের শতকের সংখ্যা চারটিতে তুললেন বাবর।

প্রতিযোগিতার ইতিহাসে এটিই সর্বোচ্চ, সমান আছে কেবল উসমান খানের। তবে ধারাবাহিকতা ও প্রভাবের দিক থেকে এগিয়ে বাবরই। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি বাবরের ১৩তম সেঞ্চুরি। এই সংস্করণে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় তিনি আছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে আছেন ক্রিস গেইল, যার ঝুলিতে ২২টি সেঞ্চুরি।

চলতি আসরে দারুণ ছন্দে আছেন বাবর। আগের ম্যাচে করেছিলেন ৫৯ রান, আর কোয়েটার বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ১০০ রানের ইনিংস। সব মিলিয়ে ১০ ইনিংসে দুই সেঞ্চুরি ও তিন ফিফটিতে তার সংগ্রহ ৫৮৮ রান, যা এই টুর্নামেন্টের এক আসরে যৌথভাবে সর্বোচ্চ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বাবর। গ্লিসনকে এক ওভারেই দুটি চার ও একটি ছক্কা মারেন। ৩৮ বলে ফিফটি ছুঁয়ে আরও গতি বাড়ান। শাদাব খানকে ছক্কা, ফাহিম আশরাফকে টানা বাউন্ডারিতে আঘাত করে দ্রুত পৌঁছে যান নব্বইয়ের ঘরে।

শেষ পর্যন্ত গ্লিসনকে চার ও ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। যদিও পরের ওভারেই আউট হন, ততক্ষণে ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নিয়েছেন। মোহাম্মদ হারিসের সঙ্গে ৭২ এবং পরে মেন্ডিসের সঙ্গে ৮৪ রানের পার্টনারশিপ গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন বাবর। তাদের ব্যাটে ভর করে ৭ উইকেটে ২২১ রান তোলে পেশাওয়ার জালমি।

এমআই