Advertisement
Us Bangla Airlines
অভিনব শট খেলতে কাকে অনুসরণ করেন শামীম

অভিনব শট খেলতে কাকে অনুসরণ করেন শামীম

খেলা ডেস্ক

২৯ এপ্রিল ২০২৬, ১৯:২০

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে রান তাড়ার মাঝপথে ক্রিজে নেমেই আলো ছড়ান শামীম হোসেন। ইনিংসের পঞ্চদশ ওভারে ব্যাট হাতে নামা এই বাঁহাতি ব্যাটসম্যান তৃতীয় বলেই খেলেন এক বিস্ময়কর শট। অভিনব এই শটেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এই বাঁহাতি ব্যাটার।

অ্যাডাম স্মিথের শর্ট বলটিতে বলের নিচে গিয়ে ব্যাট চালান শামীম। পুল আর স্কুপের মাঝামাঝি সেই শটটি ছিল পুরোপুরি ইম্প্রোভাইজড। ব্যাট-বলের সংযোগের সময় বলের দিকে চোখও ছিল না, আধুনিক ক্রিকেটে যাকে বলা হয় ‘নো লুক’ শট। চোখের পলকে বল উড়ে যায় উইকেটকিপারের মাথার ওপর দিয়ে।

সেই ইনিংসে আরও একটি ছক্কা ও তিনটি চার মেরে মাত্র ১৩ বলে অপরাজিত ৩১ রান করেন শামীম। তাওহিদ হৃদয়ের সঙ্গে গড়েন ২১ বলে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটি। মাঝপথে খানিকটা নড়বড়ে থাকা ম্যাচ শেষ পর্যন্ত দুই ওভার হাতে রেখেই জিতে নেয় বাংলাদেশ।

বৃষ্টিতে ভেসে যাওয়া দ্বিতীয় ম্যাচে তার ব্যাটিং দেখা যায়নি ঠিকই, তবে টিভি সাক্ষাৎকারে আগের ম্যাচ নিয়ে কথা বলেছেন তিনি। শামীম বলেন, ‘আমি যখনই ক্রিজে যাই, সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি। ওই সময় রানও দরকার ছিল আর আমি আমার শক্তির জায়গায় বিশ্বাস রেখেছি। আমি আমার শক্তিতে ভরসা রেখেছি, কাজ করেছি, ওখানে সফল হয়েছি।’

স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে আসে সেই ‘নো লুক’ ছক্কা। শামীম জানালেন, এমন অভিনব শট রপ্ত করতে তিনি অনুপ্রাণিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্সে কাছ থেকে। তার ভিডিও দেখেই অনুশীলনে এমন ছক্কা মারার চেষ্টা করেন তিনি।

শামীম আরও বলেন, ‘আসলে এটা আমি অনেক আগে থেকে অনুশীলন করি। এগুলো আমি ডি ভিলিয়ার্সের থেকে… আমি ওর ব্যাটিং অনেক দেখি। অনুশীলনে সবসময় চেষ্টা করি, কীভাবে এসব ইম্প্রোভাইজিং শট খেলা যায়। ওটায় আমি সফল হয়েছি।’

এমআই