Advertisement
Us Bangla Airlines
নির্বাচকদের চাপ কমানোর সুযোগ দেবেন মোসাদ্দেক?

নির্বাচকদের চাপ কমানোর সুযোগ দেবেন মোসাদ্দেক?

খেলা ডেস্ক

২৯ এপ্রিল ২০২৬, ২১:৫৫

বাংলাদেশ দলে লোয়ার মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা নতুন নয়। মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ের পর এই পজিশনে স্থিরতা আসেনি। জাকের আলী সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছেন, আফিফ হোসেনও প্রত্যাশা পূরণ করতে পারেননি। ফলে ছয়-সাত নম্বরে নির্ভরযোগ্য ব্যাটার খুঁজছে নির্বাচকরা। সেই প্রেক্ষাপটে আবার আলোচনায় আসছেন মোসাদ্দেক হোসেন।

জাতীয় দলে অনেক দিন দেখা না গেলেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন এই অলরাউন্ডার। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর জার্সিতেই খেলবেন তিনি, থাকছেন অধিনায়কের দায়িত্বেও। বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ব্যাটিং পজিশন নিয়ে স্পষ্ট ধারণা দেন মোসাদ্দেক।

তিনি বলেন, ‘এর আগে যখন আমি আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছি, সাত-আট নম্বরে ব্যাটিং করেছি। তাই ঘরোয়া ক্রিকেটেও ছয়-সাত নম্বরে ব্যাটিং করার অভিজ্ঞতা আছে। দলের চাহিদা অনুযায়ী ওই জায়গাতেই বেশি সময় ব্যাটিং করতে হয়।’ আসন্ন লিগ নিয়েও একই পরিকল্পনার কথা জানালেন তিনি।

মোসাদ্দেক বলেন, ‘গত প্রিমিয়ার লিগেও ছয় নম্বরে ব্যাটিং করেছি। এবারও হয়তো পাঁচ-ছয়ের দিকেই ব্যাটিং করার পরিকল্পনা থাকবে। জাতীয় দলের যে চাহিদা আছে, প্রিমিয়ার লিগে সেই ভূমিকাটাই পালন করার চেষ্টা করব।’ ভালো পারফরম্যান্স করলে জাতীয় দলে ফেরার সুযোগ নিয়েও আশাবাদী মোসাদ্দেক।

আবাহনীর অধিনায়ক আরও বলেন, ‘বিসিবির পরিকল্পনাও আছে, যারা এই লিগে ভালো খেলবে তাদের জাতীয় দলে ফেরার সুযোগ থাকবে। তাই দলের জন্য ভালো খেলতে পারলে সেটা আমার জন্যও কাজে দেবে।’ তবে ব্যাট যদি কথা বলে, তাহলে লোয়ার মিডল অর্ডারের ধাঁধার সমাধানও পেতে পারে বাংলাদেশ।

এমআই