Advertisement
Us Bangla Airlines
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেললো বাংলাদেশ

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেললো বাংলাদেশ

খেলা ডেস্ক

০১ মে ২০২৬, ১৮:২৩

আইসিসির সর্বশেষ বার্ষিক হালনাগাদে দারুণ সুখবর পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে তারা। শুক্রবার প্রকাশিত নারীদের টেস্ট ও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের তালিকায় উভয় ফরম্যাটেই শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী, ৭৩ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাদের ঠিক পেছনেই ৭২ পয়েন্ট নিয়ে অবস্থান পাকিস্তান। জ্যোতিদের ধারাবাহিক পারফরম্যান্সের ফলেই র‍্যাঙ্কিংয়ের তালিকায় উন্নতি এসেছে।

শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ১৬৩ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে বেশ ভালো ব্যবধানে। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড (১২৮), আর তৃতীয় স্থানে ভারত (১২৪)। এরপর চতুর্থ থেকে ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ৭১ পয়েন্ট নিয়ে নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ এবং ৫০ পয়েন্ট নিয়ে দশম স্থানে আয়ারল্যান্ড।

পুরুষদের টেস্ট র‍্যাঙ্কিংয়েও শীর্ষে আছে অস্ট্রেলিয়া (১৩১)। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা (১১৯)। ভারত ১০৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে, আর ইংল্যান্ড নেমে গেছে চতুর্থে (১০২)। পঞ্চম স্থানে নিউজিল্যান্ড (১০১) খুব কাছাকাছি ব্যবধানে রয়েছে।

পাকিস্তান ৮৯ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ষষ্ঠ স্থানে, পেছনে ফেলেছে শ্রীলঙ্কাকে। পুরোনো সিরিজের ফলাফল বাদ পড়ায় এই পরিবর্তন এসেছে। বিশেষ করে ইংল্যান্ডের কিছু গুরুত্বপূর্ণ জয় র‍্যাঙ্কিং থেকে বাদ পড়ায় তাদের অবস্থান নিচে নেমেছে। অন্যদিকে পাকিস্তানের ক্ষেত্রে কিছু খারাপ ফলাফল হিসাবের বাইরে চলে যাওয়ায় উন্নতি হয়েছে।

শীর্ষ দশে থাকা অন্যরা ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে। নির্ধারিত সংখ্যক টেস্ট না খেলায় তালিকা থেকে বাদ পড়েছে আয়ারল্যান্ড। তাদের সঙ্গে আফগানিস্তানকেও র‍্যাঙ্কিংয়ে ফিরতে আগামী এক বছরে অন্তত দুটি টেস্ট খেলতে হবে। আইসিসি আগামী ৫ মে টি-টোয়েন্টি এবং ৭ মে পুরুষদের ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ করবে।

এমআই