Advertisement
Us Bangla Airlines
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩ রানে হারল বাংলাদেশ

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩ রানে হারল বাংলাদেশ

খেলা ডেস্ক

০২ মে ২০২৬, ২০:০৭

বৃষ্টিতে ছোট হয়ে আসা ম্যাচ, শেষ ওভারে টানটান উত্তেজনা। তবু শেষ হাসিটা হাসতে পারল না বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কার বিপক্ষে ৯ ওভারের এই লড়াইয়ে মাত্র ৩ রানে হেরে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা। অন্যদিকে, দুই সিরিজ জিতেই বাড়ি ফিরছে লঙ্কানরা।

শুরুতেই বোলিংয়ে চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে মারুফা আক্তারের ওপর চড়াও হন ইমেশা দুলানি, টানা চারটি বাউন্ডারি হাঁকান তিনি। তার আগের ওভারে ফারিহা তৃষ্ণাও খরচ করেন ১৬ রান। ফলে ৩ ওভারে ৪০ রান তুলে নেয় শ্রীলঙ্কা, উইকেটশূন্য থাকে বাংলাদেশ।

চতুর্থ ওভারে সুলতানা খাতুন ভাঙেন ৪৩ রানের উদ্বোধনী জুটি। এরপর দুই ওভারে আরও তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় স্বাগতিকরা। ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। তবে সেখান থেকে পাল্টা জবাব দেন চামারি আতাপাত্তু ও কাভিশা দিলহারি।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ তিন ওভারে যোগ করেন ৩৪ রান। আতাপাত্তু ২৭ বলে ৪১ এবং দিলহারি ৭ বলে ১৫ রান করে দলকে পৌঁছে দেন ৬ উইকেটে ৮৭ রানে। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন নেন ৩ উইকেট।

৮৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ভালো সূচনা পায় বাংলাদেশ। প্রথম ওভারের শেষ দুই বলে দুটি চার মেরে ১২ রান তোলেন দিলারা আক্তার। তবে পরের ওভারেই বিদায় নেন তিনি।
এরপর ধীরে ধীরে এগোতে থাকে ইনিংস। সোবহানা মোস্তারি ২১ রান করে লড়াই চালিয়ে যান।

জুয়াইরিয়া ফেরদৌস (১৫) ও নিগার সুলতানা (১৩) কিছুটা অবদান রাখেন। কিন্তু শেষের আগের ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। প্রথম বলেই আউট হন নিগার। এরপর সুলতানা খাতুন দুটি ডাবলস ও একটি চার মেরে আশা জাগান। 

তবে শেষ দুই বলে প্রয়োজনীয় ৬ রান তুলতে পারেননি। শারমিন সিঙ্গেল নিলে ৬ উইকেটে ৮৪ রানে থামে বাংলাদেশ। শেষ পর্যন্ত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩ রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে, আর পূর্ণতা পায় শ্রীলঙ্কার হোয়াইটওয়াশ।

এমআই