Advertisement
Us Bangla Airlines
রিশাদ-মেহেদীর ব্যাটিং নিয়ে আক্ষেপ লিটনের

রিশাদ-মেহেদীর ব্যাটিং নিয়ে আক্ষেপ লিটনের

খেলা ডেস্ক

০২ মে ২০২৬, ২১:১৮

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ব্যাটিং ধসই ডুবিয়েছে বাংলাদেশকে। লিটন দাস ও তাওহীদ হৃদয়ের বিদায়ের পর আর কেউ দায়িত্ব নিতে পারেননি। ম্যাচ শেষে সেই আক্ষেপই ঝরল অধিনায়ক লিটনের কণ্ঠে, বিশেষ করে লোয়ার অর্ডারের ব্যাটিং নিয়ে।

সংবাদ সম্মেলনে লিটন বলেন, নিচের দিকের ব্যাটাররা চেষ্টা করলেও ম্যাচে সেই প্রতিফলন দেখা যাচ্ছে না। লিটন বলেন, ‘তারা নেটে কাজ করছে, কিন্তু ম্যাচের চাপ ভিন্ন। ম্যাচে পারফর্ম করতে পারলে তবেই আত্মবিশ্বাস বাড়বে।’

লিটন স্পষ্ট করেই বলেন, স্পিনারদের কাছ থেকেও ব্যাটিং প্রত্যাশা করেন তিনি। তার মতে, বিশ্ব ক্রিকেটে এখন প্রায় সব স্পিনারই ব্যাট হাতে অবদান রাখেন। শেখ মেহেদীর সামর্থ্যের কথাও তুলে ধরেন তিনি, তবে আন্তর্জাতিক ম্যাচে সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা চান অধিনায়ক।

রিশাদ হোসেন ও নাসুম আহমেদের প্রসঙ্গ টেনে লিটন বলেন, ‘তাদের ক্ষেত্রেও একই প্রত্যাশা প্রযোজ্য। অলরাউন্ডার হিসেবে দলে সাইফউদ্দিন, সাকলাইন ও তানজিম সাকিবের মতো অপশন আছে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী লোয়ার অর্ডারের অবদান খুবই গুরুত্বপূর্ণ হতে হবে।’

ম্যাচের প্রেক্ষাপট নিয়েও কথা বলেন লিটন। বৃষ্টির কারণে ম্যাচ ১৫ ওভারে নেমে আসায় ব্যাটিং পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। বিরতির আগে ও পরে উইকেটের আচরণও ভিন্ন ছিল বলে জানান তিনি। তার মতে, এমন ছোট ম্যাচে বড় স্কোর গড়া কঠিন, আর ছোট লক্ষ্য ডিফেন্ড করাও আরও কঠিন হয়ে পড়ে।

এমআই