নাহিদের গতির মুখোমুখি হতে চান না বাবর আজম
খেলা ডেস্ক
০৪ মে ২০২৬, ১৭:৪৬
ফাইনাল শেষে আবেগঘন এক দৃশ্য। বাংলাদেশি পেসার নাহিদ রানাকে বুকে জড়িয়ে ধরলেন পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি। পিঠ চাপড়ে জানালেন প্রশংসা। কারণটা স্পষ্ট। শিরোপা জয়ের পথে নাহিদের আগুনঝরা বোলিংই বদলে দিয়েছে ম্যাচের গতি।
হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে ৫ উইকেটের জয়ে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হন অ্যারন হার্ডি। তবে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নেওয়া নাহিদের অবদানও ছিল সমান উজ্জ্বল। পুরো আসরেই দারুণ ইকোনমি রেটে বল করে দলের ফাইনাল যাত্রায় বড় ভূমিকা রাখেন তিনি।
ফাইনালের মঞ্চেও তার প্রতিটি ডেলিভারিতে ছিল গতি আর নিয়ন্ত্রণের মিশেল। ম্যাচ শেষে নাহিদকে নিয়ে প্রশংসায় ভাসান হার্ডি। নাহিদ রানা কতটা ভালো এমন প্রশ্নে তিনি বলেন,
‘হ্যাঁ, (কতটা ভালো) একদমই তাই। আমি বলতে চাচ্ছি, সে মাত্র তিন দিন আগে বিমান থেকে নামল এবং আজকেও দুর্দান্ত গতিতে বল করল।’
‘করাচিতে যখন সে ১৫১ কিমি গতিতে বল করছিল, তখন ব্যাটারদের জন্য সেটা ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা। আমি জানি এক সপ্তাহ পরেই তার টেস্ট ম্যাচ আছে; এটাও জানি যে বাবর সম্ভবত তার মুখোমুখি হতে চাইবে না। তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা রয়েছে’— যোগ করেন তিনি।
পিএসএলের নিলাম থেকে ৬০ লাখ রুপিতে নাহিদকে দলে নেয় পেশওয়ার। সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন তিনি। নিজের বোলিং নিয়ে নাহিদ বলেন, ‘আমি এটি সত্যিই উপভোগ করলাম। গত বছর আমি এসেছিলাম কিন্তু খেলিনি। এ বছর আমি এসেছি এবং এটি সত্যিই উপভোগ করেছি। আমি আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছি।’
নাহিদের ফাইনাল খেলা নিয়েও ছিল নাটকীয়তা। নিউজিল্যান্ড সিরিজ শেষে দেশে ফেরার কথা থাকলেও শুরুতে তাকে অনাপত্তিপত্র দেওয়া হয়নি। পরে পেশোয়ার ফাইনালে ওঠায় বিশেষ অনুরোধে অনুমতি দেয় বিসিবি। এ সিদ্ধান্তের জন্য বোর্ড সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদও জানান জাভেদ আফ্রিদি।
দলের আস্থার প্রতিদান দিয়েছেন নাহিদ। ৫ ম্যাচে ৫.৪৪ ইকোনমি রেটে ৯ উইকেট নিয়ে শেষ করেছেন টুর্নামেন্ট। তার পারফরম্যান্সে ভর করেই ৯ বছরের শিরোপা খরা কাটিয়েছে পেশোয়ার। সঙ্গে টুর্নামেন্টের সবচেয়ে কিপটে বোলারের তালিকায় শীর্ষে ছিলেন নাহিদ রানা।
এমআই