Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশি অধিনায়ককে শাস্তি দিল আইসিসি

বাংলাদেশি অধিনায়ককে শাস্তি দিল আইসিসি

খেলা ডেস্ক

০৪ মে ২০২৬, ২১:৫৮

ম্যাচের চরম উত্তেজনার মুহূর্তে নিজেকে ধরে রাখতে পারেননি নিগার সুলতানা জ্যোতি। আউট হয়ে ক্ষোভে ব্যাট ছুঁড়ে মারার ঘটনায় শাস্তি পেয়েছেন বাংলাদেশ নারী দলের এই অধিনায়ক। তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আচরণবিধির ২.২ ধারা ভাঙার দায়ে তাকে তিরস্কার করা হয়েছে। এই ধারায় ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম বা মাঠের উপকরণের অপব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।

ঘটনাটি ঘটে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে। বৃষ্টির কারণে ৯ ওভারে নেমে আসা ম্যাচে ৮৮ রানের লক্ষ্য তাড়া করছিল বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান। ঠিক তখনই প্রথম বলে ক্যাচ দিয়ে ফেরেন নিগার, আর তাতেই হতাশা রূপ নেয় ক্ষোভে।

ড্রেসিংরুমে ফেরার পথে ব্যাট ছুঁড়ে মেরে নিজের অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরে নিজের ভুল স্বীকার করে ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাস দেওয়া শাস্তি মেনে নেন। ফলে এ নিয়ে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচটি শেষ পর্যন্ত ৩ রানে হারে বাংলাদেশ, আর তাতেই শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয় স্বাগতিকরা।

এর আগে একই সিরিজে আচরণবিধি ভাঙার কারণে শাস্তি পেয়েছিলেন নাহিদা আক্তার এবং শারমিন সুলতানা। তাদের প্রত্যেককে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয় এবং নামের পাশে যোগ হয় একটি করে ডিমেরিট পয়েন্ট।

এমআই