Advertisement
Us Bangla Airlines
ফুটবলকে বিদায় জানালেন মামুনুল, আছে দুই আক্ষেপ

ফুটবলকে বিদায় জানালেন মামুনুল, আছে দুই আক্ষেপ

খেলা ডেস্ক

৩০ এপ্রিল ২০২৬, ২২:০৭

দীর্ঘ দুই দশকের পথচলার শেষ বাঁকে এসে ফুটবলকে বিদায় জানালেন বাংলাদেশের অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলাম। ক্লাব ফর্টিজের প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তবে বিদায়ের ক্ষণে তার কণ্ঠে শোনা গেল অপূর্ণতার সুর। দুইটি আক্ষেপ আজও তাড়া করে ফেরে তাকে।

এক সময় জাতীয় দলের মধ্যমাঠের ভরসা ছিলেন মামুনুল। ২০২০ সালের পর জাতীয় দলে আর নিয়মিত দেখা না গেলেও ঘরোয়া ফুটবলে খেলে গেছেন ধারাবাহিকভাবে। সেই অধ্যায়েরও ইতি টানছেন তিনি।

চট্টগ্রামে জন্ম নেওয়া মামুনুলের পেশাদার ক্যারিয়ার শুরু ২০০৫ সালে ব্রাদার্স ইউনিয়নের হয়ে। এরপর আবাহনী, মোহামেডান, চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল, শেখ রাসেল ও রহমতগঞ্জ হয়ে শেষ ঠিকানা ফর্টিজ। জাতীয় দলের জার্সিতেও প্রায় এক দশক প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০১০ সালে এসএ গেমসে স্বর্ণজয়ী দলের সদস্য ছিলেন এই মিডফিল্ডার।

তবে এত সাফল্যের মাঝেও দুটি আক্ষেপ রয়ে গেছে তার। একাধিকবার সাফ চ্যাম্পিয়নশিপ খেলেও শিরোপা জয়ের স্বাদ পাননি। ২০০৩ সালের পর আর সাফ জেতেনি বাংলাদেশ, সেই অপেক্ষার অংশ হয়েই ক্যারিয়ার শেষ করলেন মামুনুল। তার ভাষায়, সাফজয়ী দলের সদস্য হতে না পারাটা বড় আক্ষেপ হয়ে থাকবে।

আরেকটি আক্ষেপ জড়িয়ে আছে ভারতের ইন্ডিয়ান সুপার লিগে। অ্যাথলেটিকো কলকাতার হয়ে দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি তিনি। অথচ সেই মৌসুমে দলটি শিরোপা জিতেছিল, কিন্তু উদযাপনের অংশ হতে পারেননি মামুনুল।

তবে আক্ষেপের মাঝেও ফুটবলই তার পরিচয়ের মূল। তাই খেলা ছাড়লেও ফুটবল ছাড়ছেন না। কোচিং লাইসেন্স নেওয়া এই সাবেক অধিনায়ক ভবিষ্যতে কোচিংয়ের সঙ্গে যুক্ত থাকতে চান। তার বিশ্বাস, ফুটবল তাকে যা দিয়েছে, এবার সেই ফুটবলকে কিছু ফিরিয়ে দেওয়ার সময়।

এমআই