পাকিস্তান সিরিজ শেষেই জাতীয় দল ছাড়ছেন কোচ সালাহউদ্দিন
খেলা ডেস্ক
০৫ মে ২০২৬, ১৬:০৮
বাংলাদেশ ক্রিকেটে এক অধ্যায়ের শেষ, আরেকটির সূচনার অপেক্ষা। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শেষ হলেই জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। এরপরই নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। জাতীয় দল ছেড়ে হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগের প্রধান কোচ হিসেবে কাজ করবেন তিনি।
জাতীয় দলের ভবিষ্যৎ গড়ার কারখানা হিসেবে এইচপি বিভাগের গুরুত্ব অনেক দিন ধরেই অপরিসীম। সেই জায়গাটিকে আরও শক্তিশালী করতেই বড় পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভাপতি তামিম ইকবালের সঙ্গে ইতোমধ্যে এ বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানা গেছে।

নতুন মৌসুমে এইচপি দলে থাকছে না কোনো বয়সসীমা। সাদা ও লাল বল মিলিয়ে প্রায় ৩৫ জন ক্রিকেটারকে নিয়ে সাজানো হবে স্কোয়াড। কোচিং স্টাফে সালাহউদ্দিনের সঙ্গে থাকছেন সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুল, রাজিন সালেহ ও তালহা জুবায়ের। দেশি কোচেরা মিলেই তৈরি করবেন আগামী দিনের জাতীয় দলের ভিত্তি।
দায়িত্ব নেওয়ার পরই ব্যস্ত সূচির মুখোমুখি হতে হবে সালাহউদ্দিনদের। ১ জুন শুরু হবে এইচপির ক্যাম্প। ৩ জুন বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ‘এ’ দল। তাদের বিপক্ষে ৮, ১০ ও ১৩ জুন ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে বগুড়া ও রাজশাহীতে। এরপর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে দুটি চারদিনের ম্যাচ।

এরপর থেমে থাকার সুযোগ নেই। জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে এইচপি দল। সেখানে তিনটি একদিনের ম্যাচ ও দুটি চারদিনের ম্যাচ খেলবে তারা। আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত অস্ট্রেলিয়া সফর। অজিদের মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টির পাশাপাশি থাকছে চারদিনের ম্যাচও।
সবমিলিয়ে ব্যস্ত ও চ্যালেঞ্জিং সূচির সামনে দাঁড়িয়ে বাংলাদেশ হাই-পারফরম্যান্স বিভাগ। আর সেই অভিযাত্রার নেতৃত্বে থাকছেন মোহাম্মদ সালাহউদ্দিন। জাতীয় দলের ডাগআউট থেকে উঠে এসে ভবিষ্যতের তারকা গড়ার মিশনে কাজ করবেন ‘দেশসেরা’ এই ক্রিকেট কোচ।
এমআই