Advertisement
Us Bangla Airlines
শ্রীলঙ্কা-আফগানদের টপকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের উন্নতি

শ্রীলঙ্কা-আফগানদের টপকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের উন্নতি

খেলা ডেস্ক

০৫ মে ২০২৬, ১৭:০২

টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেল বাংলাদেশ। আইসিসির সর্বশেষ হালনাগাদ করা পুরুষদের টি-টোয়েন্টি দলীয় র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে লিটন দাসের দল। বর্তমানে অষ্টম স্থানে অবস্থান করেছে টাইগাররা। র‌্যাঙ্কিংয়ে উন্নতি করার পেছনে শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো দলকে পেছনে ফেলেছে বাংলাদেশ।

নতুন র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সংগ্রহ ২২৫ রেটিং পয়েন্ট। টাইগারদের অগ্রগতিতে পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা। শানাকার দল ছয় পয়েন্ট হারিয়ে নেমে গেছে নবম স্থানে, তাদের রেটিং পয়েন্ট ২২১। লঙ্কানদের পেছনেই ২২০ পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছে আফগানিস্তান। এই দুই দলকে টপকে এগিয়ে গেছে লিটন দাসের দল।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে নিজেদের আধিপত্য ধরে রেখেছে ভারত। ২৭৫ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে থাকা দলটি সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে দাপট দেখিয়েই যাচ্ছে। তাদের কাছাকাছি অবস্থানে যথাক্রমে দুই ও তিন নম্বরে আছে ইংল্যান্ড (২৬২) ও অস্ট্রেলিয়া (২৫৮)।

গেল এক বছরের প্রথম সাতটি অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। নিউজিল্যান্ড (২৪৭), দক্ষিণ আফ্রিকা (২৪৪), পাকিস্তান (২৪০) এবং ওয়েস্ট ইন্ডিজ (২৩৩) নিজেদের অবস্থান ধরে রেখেছে। র‌্যাঙ্কিং হালনাগাদের ক্ষেত্রে মে ২০২৫ থেকে খেলা ম্যাচগুলোকে পূর্ণ মূল্যায়ন দেওয়া হয়েছে, আর আগের দুই বছরের ম্যাচগুলোকে ধরা হয়েছে ৫০ শতাংশ হিসেবে।

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করেছে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে টানা চারটি সিরিজ জিতেছিল লিটনরা। এশিয়া কাপেও শ্রীলঙ্কা-আফগানদের হারিয়েছিল তারা। গেল নিউজিল্যান্ড সিরিজেও ১-১ ব্যবধানে সিরিজ হয়েছে ড্র। ফলে ধারাবাহিক পারফরম্যান্সে এগিয়ে থেকে উন্নতি করেছে বাংলাদেশ।

এমআই