১৪১ রান করলেই নতুন রেকর্ডে নাম লেখাবেন মুমিনুল
খেলা ডেস্ক
০৬ মে ২০২৬, ২১:২৩
সাদা পোশাকের ক্রিকেটে আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুমিনুল হক। মাত্র ১৪১ রান করলেই পাঁচ হাজার রানের ক্লাবে নাম লেখাবেন এই বাঁহাতি ব্যাটার। সেই সঙ্গে তিনি হবেন দেশের তৃতীয় ক্রিকেটার, যিনি টেস্টে এই অর্জনে পৌঁছাবেন। বাংলাদেশের হয়ে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন কেবল তামিম, মুশফিক।
জাতীয় দলে হয়ে কেবল টেস্ট ফরম্যাটেই খেলছেন মুমিনুল হক। ইতোমধ্যে ৭৫ টেস্ট খেলা মুমিনুলের রান ৪৮৫৯। ১৩টি সেঞ্চুরি ও ২৫টি ফিফটিতে সাজানো এই পরিসংখ্যানই প্রমাণ করে, লাল বলের ক্রিকেটে কতটা নির্ভরযোগ্য তিনি। ইনিংস গড়ার ধৈর্য, স্পিনে দক্ষতা এবং দীর্ঘ সময় উইকেটে থাকার সামর্থ্য তাকে আলাদা করে তুলেছে।
বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। মাত্র ১২৯ ইনিংস খেলেই এই রেকর্ড গড়েছিলেন তিনি। এরপর ১৪৯ ইনিংস খেলে টেস্টে পাঁচ হাজার রান করেছিলেন মুশফিকুর রহিম। মুমিনুল ইতোমধ্যে ১২৯ ইনিংস খেলেছেন। পাকিস্তান সিরিজে ১৪১ রান করলেই দ্রুততম ৫ হাজার রান করায় মুশফিককে ছাড়াবেন।
ঘরের মাঠে বরাবরই স্বাচ্ছন্দ্যে ব্যাট করেন মুমিনুল। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ধারাবাহিকতা কিছুটা কমলেও তার সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। অভিজ্ঞতা এবং টেস্ট মেজাজে খেলার ক্ষমতা তাকে এখনো দলের গুরুত্বপূর্ণ ভরসা করে রেখেছে। এবার ১৪১ রান করলেই বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন এক মাইলফলকের অংশ হয়ে যাবেন মুমিনুল হক।
উল্লেখ্য, টেস্টে তামিম দ্রুততম পাঁচ হাজার রানের মালিক হলেও তার ক্যারিয়ার বেশি দিন দীর্ঘায়িত হয়নি। ১৩৪ ইনিংসে ৫১৩৪ রান করে বিদায় নিয়েছেন এই ওপেনার। তবে মুশফিকুর রহিম ১৮৪ ইনিংসে ৬৫১০ করে রান সংগ্রহের তালিকায় শীর্ষে রয়েছেন। শততম টেস্ট খেলা এই ব্যাটার নিজের ক্যারিয়ারটা আরও দীর্ঘায়িত করার অপেক্ষায়।
এমআই