ম্যাচের আগের দিন দুঃসংবাদ পেল পাকিস্তান
খেলা ডেস্ক
০৭ মে ২০২৬, ২২:৫৮
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগের রাতেই বড় ধাক্কা খেল পাকিস্তান। বাঁ হাঁটুর ইনজুরির কারণে মিরপুরে প্রথম টেস্টে খেলতে পারছেন না দলের তারকা ব্যাটার বাবর আজম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাঁটুর চোটের কারণে বাবরকে এই ম্যাচ থেকে ছিটকে যেতে হয়েছে।
পাকিস্তান সুপার লিগে দারুণ ফর্মে ছিলেন বাবর আজম। ১১ ইনিংসে ৫৮৮ রান করে পেশোয়ার জালমিকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সেই ফর্ম টেস্ট সিরিজেও ধরে রাখবেন কি না, তা নিয়ে ছিল ব্যাপক আলোচনা। কিন্তু ম্যাচ শুরুর ঠিক আগে ইনজুরির কারণে তাকে হারানো পাকিস্তানের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
বাবরের অনুপস্থিতিতে পাকিস্তানের টপ অর্ডারে পরিবর্তন আসতে পারে। তার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন আজান আওয়াইজ অথবা আব্দুল্লাহ ফজল। বাবরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে দলের মেডিক্যাল টিম। পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে বলেও জানানো হয়েছে।
এর আগে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ বাবরের ফর্ম নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, বাবর বিশ্বের অন্যতম সেরা ব্যাটার এবং তাকে রান করতে দেখা দলের জন্য স্বস্তির। তবে কয়েক ঘণ্টার ব্যবধানেই সেই স্বস্তি বদলে গেল দুঃসংবাদের বাস্তবতায়।
এমআই