জন্মদিনে নতুন ইতিহাস গড়লেন মুশফিক
খেলা ডেস্ক
০৯ মে ২০২৬, ১২:৫৫
নিজের ৩৯তম জন্মদিনে ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে হাফসেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংস খেলার রেকর্ড এখন তার দখলে। চলমান সিরিজের প্রথম টেস্টের আগে পর্যন্ত এই রেকর্ডে যৌথভাবে ছিলেন মুশফিক ও তামিম ইকবাল।
সিরিজ শুরুর আগে দুজনেরই ছিল ৪১টি করে পঞ্চাশোর্ধ ইনিংস। তবে জন্মদিনের ম্যাচে ফিফটি ছুঁয়ে তামিমকে পেছনে ফেললেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার। প্রথম দিনের খেলা শেষ করেছিলেন ৪৮ রানে অপরাজিত থেকে। দ্বিতীয় দিনে ২৯তম টেস্ট ফিফটির সঙ্গে নিজের নামের পাশে যোগ করেন নতুন এই রেকর্ড।
অন্যদিকে মুমিনুল হকও আছেন এই তালিকায়। তার পঞ্চাশোর্ধ ইনিংসের সংখ্যা ৩৯। সাকিব আল হাসানের আছে ৩৬টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস।
উল্লেখ্য, দুই দশকের ক্যারিয়ারে জন্মদিনে কেবল দুইবার ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচের পর এবার পাকিস্তানের বিপক্ষে টেস্টে। জন্মদিনে খেলা উভয় ম্যাচেই পেয়েছেন ফিফটির দেখা। যদিও ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। তবে টেস্টে জয়ের আশায় পুরো বাংলাদেশ।
এমআই