Advertisement
Us Bangla Airlines
টেস্ট চ্যাম্পিয়নশিপে রান সংগ্রহে প্রথম লিটন দাস

টেস্ট চ্যাম্পিয়নশিপে রান সংগ্রহে প্রথম লিটন দাস

খেলা ডেস্ক

০৯ মে ২০২৬, ১৫:০৫

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে বড় ইনিংস খেলতে না পারলেও নতুন এক মাইলফলক ছুঁলেন লিটন দাস। মোহাম্মদ আব্বাসের বলে তার ইনিংস থেমেছে ৩৩ রানে। তবে এই ইনিংসের পথেই তিনি পৌঁছে গেলেন বিশেষ অর্জনে। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

২০১৯ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় লিটনের ধারাবাহিক পারফরম্যান্সই তাকে পৌঁছে দিয়েছে এই অবস্থানে। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫৫ ইনিংসে ৩৭ গড়ে ২০০৯ রান করেছেন লিটন দাস।  এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ৭১ রান করা মুশফিকের টেস্ট চ্যাম্পিয়নশিপে রান এখন ১৮৭৬।

তবে গড়ের দিক থেকে এগিয়ে আছেন ৩৯ বছর বয়সী মুশফিক। টেস্ট চ্যাম্পিয়নশিপে তার ব্যাটিং গড় ৪৩.৬২, যেখানে লিটনের ৩৭.২০।

বাংলাদেশের ব্যাটিং তালিকায় মুশফিকের পরেই আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চলমান ম্যাচে তিনি খেলেছেন ১০১ রানের সেঞ্চুরিয়ান ইনিংস, যা টেস্ট চ্যাম্পিয়নশিপে তার পঞ্চম শতক। তালিকার পরের দিকগুলোতে আছেন মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে মুমিনুল ৯১ রান, আর মিরাজ আউট হন মাত্র ১০ রান করে।

এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট। ৫২ গড়ে তার সংগ্রহ ৬৪৮০ রান। অবশ্য ম্যাচ সংখ্যায় সবচেয়ে এগিয়ে এই ইংলিশ তারকা। টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৭৪ ম্যাচ খেলেছেন তিনি, ব্যাট করেছেন ১৩৬ ইনিংস।

এমআই