রোহিতের আড়াই কোটি টাকার ঘড়ি ছিনতাইয়ের চেষ্টা
খেলা ডেস্ক
০৯ মে ২০২৬, ১৮:৫৬
আইপিএলের ব্যস্ত সূচির মাঝেই অস্বস্তিকর এক পরিস্থিতিতে পড়লেন রোহিত শর্মা। এক ভক্তের সেলফির আবদার রাখতে গিয়ে ছিনতাইচেষ্টার মুখে পড়েন ভারতের সাবেক অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন ঘটনার দেখা মিলেছে।
ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসে কয়েকজন ভক্তের সঙ্গে কথা বলছিলেন রোহিত। হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছার জবাবও দিচ্ছিলেন তিনি। এক পর্যায়ে এক ভক্ত সেলফি তোলার অনুরোধ করলে সেটিও রাখেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই তারকা।
তবে ছবি তোলার মুহূর্তেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। সেলফির অজুহাতে গাড়ির খুব কাছে চলে আসেন ওই ব্যক্তি। রোহিত যখন মোবাইলের ক্যামেরার দিকে তাকিয়েছিলেন, তখনই তার হাতে থাকা দামি ঘড়িটি টান দেওয়ার চেষ্টা করা হয়।
জানা গেছে, রোহিতের হাতে থাকা ঘড়িটি ছিল প্রায় আড়াই কোটি টাকা মূল্যের রোলেক্স জিরাফ মডেলের। বিষয়টি বুঝতে পেরে দ্রুত হাত সরিয়ে নেন রোহিত। এরপর ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানাতে দেখা যায় তাকে। ঘটনার পর বিরক্ত হয়ে সঙ্গে সঙ্গেই গাড়ির জানালা বন্ধ করে দেন ভারতীয় এই ব্যাটার।
চলতি আইপিএলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছেন রোহিত। ৫৫.২৫ গড়ে তার সংগ্রহ ২২১ রান। ব্যাটিং করেছেন ১৭৪.০১ স্ট্রাইক রেটে।
এমআই