নাহিদের ফাইফারে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হ্যাটট্রিক জয়
খেলা ডেস্ক
১২ মে ২০২৬, ১৬:৪৯
নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে মিরপুর টেস্টে পাকিস্তানকে কার্যত উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তরুণ এই পেসারের দুর্দান্ত ফাইফারে সফরকারীরা গুটিয়ে গেছে মাত্র ১৬৩ রানে। ফলে ১০৪ রানের বড় জয় তুলে নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল।
পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয়ের অপেক্ষাটা বাংলাদেশের জন্য ছিল দীর্ঘ ২৩ বছরের। এর আগে টানা ১১ ম্যাচ হেরে হতাশ হতে হয়েছে টাইগারদের। অবশেষে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে গিয়ে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ, জেতে ২-০ ব্যবধানে। সেই ধারাবাহিকতাই এবার মিরপুরেও পেল জয়ের দেখা।

২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই ইমাম-উল-হককে ফিরিয়ে দারুণ সূচনা এনে দেন তাসকিন আহমেদ। এরপর আজান আওয়াইস ১৫ ও অধিনায়ক শান মাসুদ ২ রান করে ফিরলে দ্রুতই তিন উইকেট হারায় সফরকারীরা।
চতুর্থ উইকেটে আব্দুল্লাহ ফজল ও সালমান আগা কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। ৫১ রানের জুটিতে ম্যাচে ফেরার ইঙ্গিতও দিয়েছিল পাকিস্তান। তবে তাইজুল ইসলামের এলবিডব্লিউ ফাঁদে পড়ে ৬৬ রান করে থামেন ফজল। পরের ওভারেই সালমান আগাকে ফেরান তাসকিন। ২৬ রান করেন পাকিস্তানের এই মিডল অর্ডার ব্যাটার।

এরপরই শুরু নাহিদ রানার তাণ্ডব। নিজের টানা দুই ওভারে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলকে ফিরিয়ে পাকিস্তানের শেষ আশাটুকুও ভেঙে দেন এই ডানহাতি পেসার। দুজনই করেন ১৫ রান। পরে হাসান আলিকে এলবিডব্লিউ করেন তাইজুল।
শেষ দুই উইকেটও তুলে নেন নাহিদ। তাতেই ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় ফাইফার পূর্ণ করেন তিনি। ৪০ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের নায়ক বনে যান তরুণ এই গতি তারকা। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম নেন দুটি করে উইকেট। একটি উইকেট পান মেহেদী হাসান মিরাজ।

এর আগে প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ফিফটিতে ৪১৩ রান তোলে বাংলাদেশ। জবাবে আজান আওয়াইসের শতকে পাকিস্তান সংগ্রহ করে ৩৮৬ রান। ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।
পঞ্চম দিনে শান্ত ৮৭ রান করে আক্ষেপ নিয়ে ফিরলেও, নাহিদের আগুনে বোলিংয়ে শেষ হাসিটা ঠিকই হেসেছে বাংলাদেশ।
এমআই