পাকিস্তানকে হারিয়ে সুখবর পেলেন বাংলাদেশি ক্রিকেটাররা
খেলা ডেস্ক
১৩ মে ২০২৬, ১৮:০৫
পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় টেস্ট জয়ের উচ্ছ্বাস এখনও টাটকা। মাঠের সেই দাপুটে পারফরম্যান্সের প্রতিফলন এবার দেখা গেল আইসিসির সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়েও। ব্যাট হাতে নাজমুল হোসেন শান্ত, আর বল হাতে নাহিদ রানা ও তাইজুল ইসলাম। তিনজনই উঠে গেছেন ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থানে।
মিরপুর টেস্টে দুর্দান্ত ব্যাটিং করা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। প্রথম ইনিংসে ১০১ ও দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করে তিনি এগিয়েছেন ১৬ ধাপ। এখন তাঁর অবস্থান ২৩ নম্বরে, যা ক্যারিয়ারের সেরা। এর আগে শান্তর সর্বোচ্চ অবস্থান ছিল ২৮। বর্তমানে তিনিই বাংলাদেশের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান।
শান্তর ঠিক পরেই আছেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসে ৭১ ও ২২ রান করা অভিজ্ঞ এই ব্যাটসম্যান দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৬ নম্বরে। যদিও তাঁর ক্যারিয়ারসেরা অবস্থান ১৭।
ব্যাটারদের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে মুমিনুল হকের। দুই ইনিংসেই ফিফটি করা এই বাঁহাতি ব্যাটসম্যান ১২ ধাপ এগিয়ে এখন ৩৫ নম্বরে। টেস্টে টানা পাঁচ ইনিংসে পঞ্চাশের বেশি রান করে বাংলাদেশের রেকর্ডও ছুঁয়েছেন তিনি। তবে টপ অর্ডারের অন্য কয়েকজন ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন।
বোলিং র্যাঙ্কিংয়েও এসেছে সুখবর। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া নাহিদ রানা এগিয়েছেন পাঁচ ধাপ। তরুণ এই পেসারের বর্তমান অবস্থান ৬৪ নম্বরে, এটিই তাঁর ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং।
বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও পেয়েছেন বড় স্বীকৃতি। মিরপুর টেস্টে ২ উইকেট নেওয়া এই স্পিনার তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৩ নম্বরে। এটিও তাঁর ক্যারিয়ারসেরা অবস্থান। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে তিনি উঠেছিলেন ১৪ নম্বরে।
অন্যদিকে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ বোলারদের তালিকায় আগের মতোই ২৭ নম্বরে আছেন। তবে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে তিনি নেমে গেছেন চারে।
এমআই