দ্বিতীয় টেস্টের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
খেলা ডেস্ক
১৪ মে ২০২৬, ১৭:২৬
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানের জয়ে সিরিজে এগিয়ে থেকেই আত্মবিশ্বাসে ভরপুর ছিল টাইগার শিবির। সিরিজের শেষ টেস্ট আগামী ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা।
তবে ম্যাচের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। ওপেনার সাদমান ইসলাম চোটে পড়েছেন, যা নিয়ে নতুন করে দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। প্রথম টেস্ট চলাকালীন ক্যাচ নিতে গিয়ে বুকে ব্যথা পান সাদমান। এরপর সিলেটে অনুশীলনের সময় ব্যাটিং করতে নেমে আবারও সেই চোট অনুভব করেন তিনি।
ব্যথা অনুভব করায় মাত্র কয়েকটি বল খেলার পরই মাঠ ছাড়তে বাধ্য হন এই ওপেনার। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দ্বিতীয় টেস্টে সাদমানের খেলা অনিশ্চিত, এমনকি না-ও খেলতে পারেন তিনি। ইতোমধ্যে তার বিকল্প হিসেবে জাকির হাসানকে সিলেটে উড়িয়ে আনা হয়েছে।
দলের সঙ্গে আজ সিলেটে অনুশীলন করেছেন জাকির হাসান। ডিপিএলে সেঞ্চুরি পাওয়া এই ব্যাটার মূলত সাদমানের জায়গায় স্থলাভিষিক্ত হবেন। অর্থাৎ সাদমান শেষ পর্যন্ত ছিটকে গেলে স্কোয়াডে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবেন জাকির হাসান।
তবে একাদশে পরিবর্তনের সম্ভাবনাও আছে। সিলেটে অভিষেক হতে পারে তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিমের। ফলে শেষ টেস্টের আগে ওপেনিং কম্বিনেশন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বাংলাদেশ দলকে।
এমআই