Advertisement
Us Bangla Airlines
অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পাচ্ছেন মাহমুদউল্লাহ

অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পাচ্ছেন মাহমুদউল্লাহ

খেলা ডেস্ক

১৪ মে ২০২৬, ১৮:০২

বাংলাদেশ ক্রিকেটে অভিজ্ঞতার নতুন সংযোজন হতে যাচ্ছে তরুণদের দলে। জাতীয় দলের সাবেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের মেন্টর হিসেবে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সূত্রে জানা গেছে, ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেলেও তিনি যুবাদের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত তাকে এই ভূমিকায় রাখা হতে পারে। তিনি যুবাদের ক্যাম্পে অংশ নেবেন, বিদেশ সফর ও টুর্নামেন্টে দলের সঙ্গে থাকবেন এবং তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতা দিয়ে গাইড করবেন।

বিসিবির এক কর্মকর্তা জানান, জাতীয় দলে দীর্ঘদিন খেলা অভিজ্ঞ ক্রিকেটারদের বয়সভিত্তিক দলে যুক্ত করার মাধ্যমে তরুণদের শেখার সুযোগ আরও বাড়াতে চায় বোর্ড। সেই পরিকল্পনার অংশ হিসেবেই মাহমুদউল্লাহকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ঘরোয়া ক্রিকেটে সক্রিয় আছেন এই অভিজ্ঞ ব্যাটার। নতুন এই দায়িত্বে তিনি এখন অনূর্ধ্ব-১৯ দলের ভবিষ্যৎ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

এমআই