দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন
খেলা ডেস্ক
১৪ মে ২০২৬, ২১:০৪
পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের শেষ ম্যাচকে সামনে রেখে স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম, আর তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন জাকির হাসান।
বিসিবি বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, ইনজুরির কারণে সাদমান ইসলাম দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না।
প্রথম টেস্ট চলাকালীন ক্যাচ নেওয়ার সময় বুকে আঘাত পান সাদমান। সেই চোটের প্রভাব পুরোপুরি না কাটলেও সিলেটে অনুশীলনে ব্যাটিংয়ে নামেন তিনি। তবে সেখানে মাত্র কয়েকটি বল খেলার পরই আবার ব্যথা অনুভব করেন এই ওপেনার, ফলে নেট সেশন ছেড়ে মাঠ ছাড়তে বাধ্য হন।
জাতীয় দলের ফিজিও বায়োজিদুল ইসলাম জানিয়েছেন, চোটের কারণে সাদমানের বুকে এখনো ব্যথা রয়েছে এবং দ্বিতীয় টেস্টে তার খেলা সম্ভব হচ্ছে না। সাদমানের বিকল্প হিসেবে দ্রুতই দলে ডাকা হয়েছে জাকির হাসানকে। ইতোমধ্যে ব্যাকআপ হিসেবে সিলেটে পৌঁছে অনুশীলনও শুরু করেছেন এই উইকেটকিপার-ব্যাটার।
দ্বিতীয় টেস্টের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।
এমআই