পাকিস্তানকে জরিমানা করল আইসিসি
খেলা ডেস্ক
১৫ মে ২০২৬, ১৭:০৪
মিরপুর টেস্টে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে নির্ধারিত সময়ের চেয়ে ৮ ওভার পিছিয়ে থাকায় দলটিকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আইসিসি। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টে সময় অপচয়ের বিষয়টি বিবেচনায় নেওয়ার পরও পাকিস্তান নির্ধারিত সময়ের চেয়ে ৮ ওভার পিছিয়ে ছিল। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো এই শাস্তি দেন।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সে হিসাবে পাকিস্তান দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নীতিমালার ১৬.১১.২ ধারা অনুযায়ী, প্রতি ওভার কম করার জন্য ১ পয়েন্ট কাটা যায়। সেই হিসাবে পাকিস্তানের ৮ পয়েন্ট কাটা হয়েছে। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ নিজের ভুল স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
মাঠের আম্পায়ার রিচার্ড কেটলবরো ও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনেন।
এমআই