টেস্ট ক্রিকেটের উন্নতিতে ২ জনের অবদান দেখছেন মুশফিক
খেলা ডেস্ক
১৫ মে ২০২৬, ১৮:২৪
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের এগিয়ে যাওয়ার পেছনে দুই ক্রিকেটারের অবদান আলাদা করে দেখছেন মুশফিকুর রহিম। তাঁর মতে, দীর্ঘদিন ধরে নিঃশব্দে দায়িত্ব পালন করে গেছেন মুমিনুল হক ও তাইজুল ইসলাম, যা দলের ভিত্তি শক্ত করতে বড় ভূমিকা রেখেছে।
মুশফিক বলেছেন, ‘বাংলাদেশের টেস্ট ক্রিকেট এতদূর আসার পেছনে ২ জনের অনেক বড় অবদান। একজন মুমিনুল, একজন তাইজুল।’ নিজের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়েই তাঁদের অবদান ব্যাখ্যা করেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
দীর্ঘ সময় ধরে একটি ফরম্যাটে খেলার মানসিক চাপ ও কঠিন বাস্তবতা এখন আরও ভালোভাবে বুঝতে পারছেন বলে জানান মুশফিক। তিনি বলেন, ‘আমি ২-৩ বছর ধরে এক ফরম্যাট খেলছি। ওদের পেইনটা এখন বুঝতে পারছি। ওরা প্রায় ১০-১২ বছর কোনো অভিযোগ ছাড়া দিনের পর দিন কাজটা করে গেছে। এটা সহজ নয়।’
দলের প্রতি তাঁদের নিবেদন নিজের কাছেও অনুপ্রেরণা বলে মনে করেন তিনি। দলের সাফল্যে অবদান রাখতে পারলে মুমিনুল ও তাইজুলের আনন্দটাই তাঁকে বেশি তৃপ্তি দেয় বলেও জানান মুশফিক। তিনি বলেন, ‘আমি যতটুকুই খেলি, ঐ দুজনের দিকে তাকালে বেশি ভালো লাগে। আমি কন্ট্রিবিউট করতে পারলে ওদের হাসি, খুশিটা দ্বিগুণ হয়ে যায়।’
দলের বর্তমান পরিবেশ নিয়েও ইতিবাচক কথা বলেছেন মুশফিক। তাঁর মতে, বাংলাদেশ দলের ড্রেসিংরুমে এখন আত্মবিশ্বাস ও ইতিবাচক আবহই সবচেয়ে বড় শক্তি। ‘দলের আবহাওয়া খুবই পজিটিভ,’ বলেন তিনি।
এমআই