টেস্ট সিরিজ খেলতে আইপিএল ছাড়লেন রাচিন রবীন্দ্র
খেলা ডেস্ক
১৫ মে ২০২৬, ২১:৪১
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দিতে আইপিএল ছেড়েছেন নিউজিল্যান্ডের স্পিনিং অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। কোনো ম্যাচ না খেলেই কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্প থেকে দেশে ফিরে যাচ্ছেন তিনি। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স।
চলতি আইপিএলের আগে নিলাম থেকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে রাচিনকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে তিনবারের চ্যাম্পিয়নদের হয়ে একাদশে সুযোগ পাননি ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। এর আগে চেন্নাই সুপার কিংসের হয়ে দুটি আসরে ১৮টি ম্যাচ খেলেছেন তিনি।
এবার রাচিনের জায়গা না পাওয়ার কারণ টিম কম্বিনেশন। তার জায়গায় কলকাতার দেশি ক্রিকেটাররা ভালো করছে। বিদেশি অলরাউন্ডার কোটায় সুনিল নারিন অবধারিত নাম। ফলে রাচিনের সুযোগ মিলেনি। তাতে দেশে ফিরে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন রাচিন।
নিউজিল্যান্ড টেস্ট দলে নিয়মিত মুখ হয়ে উঠেছেন রাচিন রবীন্দ্র। মিডল অর্ডারে ধারাবাহিক পারফরম্যান্সে দলের অন্যতম ভরসা হয়ে উঠছেন এই ব্যাটার। সাম্প্রতিক সিরিজগুলোতেও ব্যাট হাতে নজর কাড়েন তিনি। এ পর্যন্ত ২০টি টেস্টে ১৫২৬ রান করেছেন রাচিন, গড় ৪৭.৬৮। চারটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি রয়েছে তার নামের পাশে।
আগামী ৪ জুন লর্ডসে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। পরের দুই ম্যাচ হবে ওভাল ও ট্রেন্ট ব্রিজে, শুরু যথাক্রমে ১৭ ও ২৫ জুন। ২০২২ সালে সবশেষ ইংল্যান্ড সফরে হোয়াইটওয়াশ হয়েছিল নিউজিল্যান্ড। এবারই প্রথম ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছেন রাচিন রবীন্দ্র।
এমআই