আগ্রাসনের ছাপ রেখে তামিমের টেস্ট অভিষেক
খেলা ডেস্ক
১৬ মে ২০২৬, ১৫:০৫
ধৈর্য আর শট খেলার বিচারবোধ, টেস্ট ক্রিকেটের বড় মন্ত্র। আধুনিক ক্রিকেটে সেই মন্ত্রে যোগ হয়েছে আগ্রাসন। টপঅর্ডার থেকে সেই আগ্রাসনের দেখা মিললে প্রতিপক্ষের বোলারদের ওপর বাড়ে চাপ। পাকিস্তানের ওপর চাপ বাড়াতেই বাংলাদেশের টেস্ট দলে যুক্ত হয়েছেন তানজিদ হাসান তামিম। প্রথম ম্যাচে জায়গা না পেলেও দ্বিতীয় ম্যাচে অভিষেক হয়েছে তামিমের। সিলেটের সবুজ মাটিতে ব্যাট হাতে পরিচিত আগ্রাসন দিয়েই শুরু করেছেন। ইনিংসটা বড় না হলেও নিজের সহজাত ব্যাটিংয়ের স্বাক্ষর রেখেছেন এই ওপেনার।
অভিষেক ম্যাচে নন-স্ট্রাইকে থেকেই তামিমের শুরু। ব্যাটে বল ছোঁয়ানোর আগেই সঙ্গী হারিয়েছেন তিনি। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে আউট হয়েছেন জয়। তামিম স্ট্রাইক পেয়েছেন ম্যাচের দ্বিতীয় ওভারে। সঙ্গী হারানোর শোককে রানে পরিণত করেছেন তিনি। অভিষেকের প্রথম বলে তামিম ছিলেন বিশ্বাসের চূড়ায়। খুররমের বলটা মাঝ ব্যাটেই খেলেছেন, লং অনে পাঠিয়ে নিয়েছেন তিন রান। টাইমিংয়ে নির্ভর না করলে শটটা অনায়াসে বাউন্ডারি হতে পারতো।
ব্যাকরণ মেনে ব্যাটিং আর দক্ষতায় পরিপূর্ণ তামিম অবশ্য টাইমিং থেকেই রান করেন। তৃতীয় ওভারের প্রথম বলে পেসার আব্বাসকে যেই বাউন্ডারিটা মেরেছেন, সেটা যেন তার সামর্থ্যের প্রমাণ। সামনের পায়ে ভর করে, ব্যাটের ফেইস ওপেন করে কাভারের ফাঁক গলিয়ে সীমানা পার। ছোট্ট ইনিংসে আব্বাসকে আরও দুইটি বাউন্ডারি হাঁকিয়েছন তামিম। এমন শটের হাইলাইটস দেখেও মুগ্ধ হবে যে কেউ। ৩৪ বলের ইনিংসে ২৬ করেই বিদায় নিয়েছেন তামিম।
ব্যাট হাতে বাইশ গজে যতটা মায়া ছড়ান তামিম, আউট হওয়ার ধরণে তৈরি করেন ততটা বিরক্তি। টেস্টের অভিষেক ম্যাচেও সেটাই দেখালেন। মাঝ ব্যাটে এত দারুণ ব্যাট-বলের সংযোগের মাঝে তামিম আউট হলেন ব্যাটের কানায় লেগে। আব্বাসের শর্ট লেন্থের বলে শট খেলার উপযুক্ত বিচারবোধ করতে পারলেন না তামিম। তাতেই আউট হয়ে ফিরেছেন প্যাভিলিয়নে। তবে যেই আগ্রাসনের জন্য একাদশে তামিম, অভিষেক ম্যাচের ছোট্ট ইনিংসে সেটার ছাপ রেখেছেন তিনি।
এমআই