পাকিস্তানকে দ্রুতই অলআউট করে জিততে চায় বাংলাদেশ
খেলা ডেস্ক
১৯ মে ২০২৬, ২২:০৩
ঢাকা টেস্টের পর সিলেটেও জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। শেষ দিনে পাকিস্তানের আর মাত্র ৩ উইকেট দরকার টাইগারদের। তবে লক্ষ্য তাড়া করতে থাকা সফরকারীদেরও প্রয়োজন ১৩৭ রান। এমন পরিস্থিতিতে সতর্ক থাকলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না বাংলাদেশ দলের কোচ শন টেইট। দিনশেষে সংবাদ সম্মেলনে টেইট জানিয়েছেন, শেষ দিনে দ্রুত পাকিস্তানকে অলআউট করেই ম্যাচ শেষ করতে চায় বাংলাদেশ।
তিনি বলেন, ‘আমার মনে হয় ক্রিকেটের জন্য দিনটা বেশ ভালো কেটেছে, কারণ দুই দলই দারুণ ক্রিকেট খেলেছে। তারা খুব ভালো ব্যাটিং করেছে। সত্যি বলতে আজকের উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ উপযোগী ছিল। তবে আমাদের ছেলেরা লড়াইয়ে ছিল, প্রতিদ্বন্দ্বিতায় ছিল। একটা সময় তারা আমাদের ওপর চেপে বসেছিল, কিন্তু দিনের শেষের দিকে ওই দুটি উইকেট তুলে নেওয়ার পর ড্রেসিংরুমে ফেরার সময় সবাই বেশ খুশি ছিল।’
ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দলকে ব্রেকথ্রু এনে দেন তাইজুল ইসলাম। বিশেষ করে সালমান আলি আগার উইকেট ম্যাচে নতুন গতি এনে দেয় বাংলাদেশের পক্ষে। সেই প্রসঙ্গে টেইট বলেন, ‘বিশেষ করে ওই রান আউটের সুযোগটা যখন হাতছাড়া হলো, আমাদের মনে হয়েছিল সেটাই হয়তো কাঙ্ক্ষিত ব্রেকথ্রু হতে পারত। এরপর তাইজুলের মাধ্যমে সেই সাফল্য আসে। ডাগআউটে রোমাঞ্চ ছিল, তবে দুশ্চিন্তা ছিল কি না আমি নিশ্চিত না। ব্যক্তিগতভাবে আমি একদমই চিন্তিত ছিলাম না।’
তীব্র গরম আর ব্যাটিং সহায়ক উইকেটের কথাও উল্লেখ করেন বাংলাদেশ কোচ। তবে এসবকে অজুহাত হিসেবে দেখতে নারাজ তিনি। টেইট বলেন, ‘আজকের কন্ডিশনটা বেশ কঠিন ছিল, মনে হয়েছে এটাই সবচেয়ে গরম দিন। উইকেটও ব্যাটিংয়ের জন্য সত্যিই ভালো হয়ে উঠেছিল। তবে এগুলো কোনো অজুহাত নয়। দিনশেষে আমরা এখন ভালো অবস্থানে আছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
শেষ দিনে দলের লক্ষ্য নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। ‘শেষ দিনের কথা বললে, আমার মনে হয় আমরা তাদের অলআউট করে দেব। আশা করি এটাই হবে।’
এমআই