‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ’
খেলা ডেস্ক
১৯ মে ২০২৬, ২২:৫৭
সাদা বলের সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। ইতোমধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াডও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক, ঘরের মাঠে আত্মবিশ্বাসী বাংলাদেশ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিসও আশাবাদী, ওয়ানডে সিরিজে জয় পাবে টাইগাররা।
সোমবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাফিস বলেন, ‘আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ আমাদের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল ঘোষণা করেছে। আমরা আশা করি সিরিজটা খুবই প্রতিযোগিতাপূর্ণ হবে।’
গত দেড় বছরে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিক পারফরম্যান্সের কথাও তুলে ধরেন সাবেক এই অধিনায়ক। নাফিস বলেন, ‘বাংলাদেশের গত এক-দেড় বছর ধরে যে ট্র্যাক রেকর্ড, আমরা আশা করি আমরা ঘরের মাটিতে আধিপত্য দেখাতে পারব এবং আমরা এই সিরিজটা থেকে ইতিবাচক ফলাফল পাব।’
বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন তিনি। তার বিশ্বাস, সিরিজজুড়ে দুই দলের মধ্যে হবে জমজমাট লড়াই। ‘বিশেষ করে এই ওয়ানডে টুর্নামেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আশা করি খুব ভালো ফাইট হবে। ইনশাআল্লাহ বিশ্বাস করি বাংলাদেশ জিততে পারবে’—যোগ করেন নাফিস।
আগামী ৯ জুন শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। এরপর দুই দল মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজেও।
এমআই