ফিফটির পর সেই উদযাপনের রহস্য জানালেন বৈভব
খেলা ডেস্ক
২০ মে ২০২৬, ১৯:৫০
ব্যাট হাতে ঝড় তুলে রাজস্থান রয়্যালসকে দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন বৈভব সূর্যবংশী। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাত্র ৩৮ বলে ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেললেও সেঞ্চুরির আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে। তবে ইনিংসের চেয়েও ম্যাচজুড়ে আলোচনায় ছিল তার বিশেষ এক উদযাপন।
অর্ধশতক পূর্ণ করার পর আঙুল দিয়ে ইংরেজি ‘এ’ অক্ষর দেখিয়ে উদযাপন করেছিলেন বৈভব। তখন থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় কৌতূহল। ম্যাচ শেষে অবশেষে সেই রহস্যের ব্যাখ্যা দিয়েছেন তরুণ এই ওপেনার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমে বিষয়টি হালকাভাবে উড়িয়ে দিলেও পরে রাজস্থানের প্রকাশ করা এক ভিডিওতে আসল কারণ জানান তিনি। বৈভব বলেন, “এই উদযাপনটা আমার মায়ের জন্য। তার নাম ‘এ’ দিয়ে শুরু। সবাইকে বলতে চাইছিলাম না, কারণ সামনে আরও অনেকবার এটা করব।”
জয়পুরে ম্যাচটিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ২২০ রান তোলে লখনৌ। মিচেল মার্শ ৫৭ বলে ৯৬ রানের দারুণ ইনিংস খেললেও দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন। জশ ইংলিস করেন ৬০ রান, আর ঋষভ পান্তের ব্যাট থেকে আসে ৩৫।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে রাজস্থান। সেই লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেন বৈভব। ৭টি চার ও ১০টি ছক্কায় সাজানো তার ৯৩ রানের ইনিংসে ৫ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় পায় রাজস্থান।
এ ছাড়া ধ্রুব জুরেল ৫৩ ও যশস্বী জয়সওয়াল ৪৩ রান করে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এই জয়ে আইপিএলে ২২০ রানের বেশি লক্ষ্য তাড়া করে সর্বোচ্চ চারবার জয়ের নতুন রেকর্ড গড়েছে রাজস্থান রয়্যালস।
এমআই