Advertisement
Us Bangla Airlines
মিরপুরে হঠাৎ কেন নিরাপত্তা বাড়াল বিসিবি?

মিরপুরে হঠাৎ কেন নিরাপত্তা বাড়াল বিসিবি?

খেলা ডেস্ক

২১ মে ২০২৬, ১৭:১১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সামনে রেখে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন ঘিরে এখন সরগরম ক্রিকেট অঙ্গন। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম চলমান থাকায় স্টেডিয়াম এলাকায় বাড়তি সতর্কতা নিয়েছে বোর্ড।

বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেরে বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ের সবকটি প্রবেশপথে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নির্বাচনকেন্দ্রিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আনসার সদস্য ও নিরাপত্তাকর্মীদের তৎপরতাও বাড়ানো হয়েছে।

এদিকে স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদেরও কিছু নির্দেশনা দিয়েছে বিসিবি। সংবাদকর্মীদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে, যাতে যাচাইকরণ প্রক্রিয়া সহজ হয়। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করতেও অনুরোধ জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

নির্বাচন ঘিরে কাউন্সিলরদের ব্যস্ততা বাড়ার সঙ্গে সঙ্গে মিরপুরে এখন বাড়ছে নিরাপত্তা নজরদারিও। ক্রিকেটের প্রশাসনিক লড়াই যত এগোচ্ছে, ততই সরগরম হয়ে উঠছে শেরে বাংলা স্টেডিয়াম চত্বর।

এমআই