মিরাজ-তাইজুল নিলেন ২২ উইকেট, তবুও কেন মন খারাপ স্পিন কোচের?
খেলা ডেস্ক
২১ মে ২০২৬, ১৭:৪৪
সিলেটে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। টানা চার টেস্ট জয়ের নতুন মাইলফলকের পাশাপাশি প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে টাইগাররা। এই ঐতিহাসিক সাফল্যের বড় নায়ক স্পিন জুটি মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। দুই টেস্ট মিলিয়ে দুজন মিলে নিয়েছেন ২২ উইকেট। মিরাজ শিকার করেছেন ৯টি, আর তাইজুল নিয়েছেন ১৩ উইকেট। প্রথম টেস্টে মিরাজ ও দ্বিতীয় টেস্টে তাইজুল তুলে নেন দারুণ ফাইফার।
তবে দলের এমন দাপুটে জয়ের পরও পুরোপুরি আনন্দে ভাসতে পারেননি বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। কারণ, বাংলাদেশের সাফল্যে গর্বিত হলেও নিজের দেশ পাকিস্তানের হার তাঁকে কষ্ট দিয়েছে। আবেগ আর পেশাদার দায়িত্বের মাঝখানে দাঁড়িয়ে এক ধরনের মিশ্র অনুভূতির মধ্য দিয়ে গেছেন সাবেক এই পাকিস্তানি লেগ স্পিনার।
সিলেট টেস্ট শেষে পাকিস্তানের টিভি চ্যানেল এআরওয়াই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মুশতাক বলেন, ‘অবশ্যই মিশ্র অনুভূতি কাজ করেছে। বাংলাদেশ জিতেছে, আমি আমার কাজের ফল পেয়েছি। কিন্তু পাকিস্তান তো আমার দেশ, যে দলের হয়ে খেলেছি। তাই তাদের হার আমাকে কষ্ট দিয়েছে। আমি তো গ্রুপ ছবি তোলার জন্য নিচেও যাইনি।’
বাংলাদেশের জয়ে কৌশলগত পরিকল্পনাকেও বড় কারণ হিসেবে দেখছেন মুশতাক। তাঁর মতে, পাঁচ বোলার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে শুধু বড় রান করলেই হয় না, প্রতিপক্ষের ২০ উইকেটও নিতে হয়। আর সেই জায়গায় বাংলাদেশ অনেক বেশি স্মার্ট ক্রিকেট খেলেছে।’
স্পিনারদের ব্যবহারের ক্ষেত্রেও বাংলাদেশ এগিয়ে ছিল বলে মনে করেন তিনি। মুশতাকের ব্যাখ্যা, উইকেটের ওপরে ঘাস থাকলেও ভেতরে ছিল শুষ্কতা। ফলে ম্যাচ যত গড়িয়েছে, স্পিনাররা তত কার্যকর হয়ে উঠেছেন। বিশেষ করে তাইজুল ও মিরাজ পরিস্থিতি বুঝে ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল করে পাকিস্তানের ব্যাটিংকে চাপে ফেলেছেন।
দল নির্বাচনের প্রশংসাও করেছেন বাংলাদেশের স্পিন কোচ। তাঁর মতে, ছয় ব্যাটসম্যান ও পাঁচ বোলারের ভারসাম্যপূর্ণ কম্বিনেশন বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছে। তিনি বলেন, ‘ছোট ছোট কৌশলগত সিদ্ধান্তই শেষ পর্যন্ত বড় পার্থক্য গড়ে দিয়েছে।’
এমআই