জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ, সূচি প্রকাশ
খেলা ডেস্ক
২২ মে ২০২৬, ১৬:২৯
চার বছর পর আবারও জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। পূর্ণাঙ্গ এই সফরে টাইগাররা খেলবে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
সফরের একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন, হারারেতে। সবশেষ ২০২৫ সালে টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই সিরিজে প্রথম ম্যাচ জিতে চমক দেখিয়েছিল জিম্বাবুয়ে, যদিও পরে ঘুরে দাঁড়িয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ।
একই ভেন্যু হারারেতেই অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। ম্যাচগুলো মাঠে গড়াবে ৬, ৯ ও ১১ জুলাই। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুই দল যাবে বুলাওয়েতে। সংক্ষিপ্ত সংস্করণের তিন ম্যাচ হবে ১৫, ১৭ ও ১৯ জুলাই।
সবশেষ ২০২২ সালের জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। সেই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সিরিজেই হেরেছিল টাইগাররা। ফলে এবার প্রতিশোধের পাশাপাশি নতুন করে নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছে লাল-সবুজের দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে এটিই হবে জিম্বাবুয়ের প্রথম আন্তর্জাতিক সিরিজ। তাই ঘরের মাঠে শক্তিশালী প্রতিপক্ষকে সামনে পেয়ে রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে স্বাগতিক শিবিরেও।
জিম্বাবুয়ে সফরের সূচি
| ফরম্যাট | তারিখ | ভেন্যু |
|---|---|---|
| টেস্ট | ২৮ জুন | হারারে |
| ১ম ওয়ানডে | ৬ জুলাই | হারারে |
| ২য় ওয়ানডে | ৯ জুলাই | হারারে |
| ৩য় ওয়ানডে | ১১ জুলাই | হারারে |
| ১ম টি-টোয়েন্টি | ১৫ জুলাই | বুলাওয়ে |
| ২য় টি-টোয়েন্টি | ১৭ জুলাই | বুলাওয়ে |
| ৩য় টি-টোয়েন্টি | ১৯ জুলাই | বুলাওয়ে |
এমআই