Advertisement
Us Bangla Airlines
ধোনিকে নিয়ে প্রতারণা করেছে চেন্নাই!

ধোনিকে নিয়ে প্রতারণা করেছে চেন্নাই!

খেলা ডেস্ক

২২ মে ২০২৬, ১৯:২৩

চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তার দাবি, পুরো মৌসুমজুড়ে মহেন্দ্র সিংহ ধোনিকে ঘিরে সমর্থকদের বিভ্রান্ত করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবেই অনিশ্চয়তা তৈরি করা হয়েছে।

আইপিএলজুড়ে ধোনির মাঠে নামা নিয়ে ছিল টানটান ধোঁয়াশা। কখনও বলা হয়েছে পায়ের পেশিতে চোট, আবার পরে উঠে এসেছে উরুর সমস্যার কথা। মাঝেমধ্যে দলের ভারসাম্যের অজুহাতেও তাকে একাদশের বাইরে রাখা হয়েছে।

অন্যদিকে প্রায় প্রতিটি ম্যাচের আগেই প্রকাশ করা হয়েছে ধোনির অনুশীলনের ভিডিও। সেটি দেখে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে প্রত্যাশা, হয়তো পরের ম্যাচেই ফিরবেন ধোনি। এই দ্বিমুখী বার্তা নিয়েই ক্ষুব্ধ শ্রীকান্ত। গুজরাট টাইটান্সের বিপক্ষে চেন্নাইয়ের শেষ ম্যাচের পর নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, মৌসুমজুড়ে একই গল্প ঘুরে ফিরে এসেছে।

তার অভিযোগ, কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্তেই এই ধোঁয়াশা তৈরি হয়েছে। শ্রীকান্ত বলেন, ‘শুরুতেই পরিষ্কার করে বলা উচিত ছিল ধোনি পুরো মৌসুমে নাও খেলতে পারেন। তাহলে সমর্থকেরা মানসিকভাবে প্রস্তুত থাকতে পারতেন।’

ধোনির অবদান নিয়ে অবশ্য কোনো প্রশ্ন তোলেননি তিনি। বরং তাকে আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে উল্লেখ করেছেন শ্রীকান্ত। তবে তার মতে, এখন আর ধোনির উপস্থিতি নয়, বরং তার দলে থাকা না থাকা নিয়েই বেশি আলোচনা হচ্ছে।

এদিকে শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে ৮৯ রানে হেরে আইপিএলের চলতি মৌসুম শেষ করেছে চেন্নাই। ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে হতাশাজনক মৌসুম শেষ করল পাঁচবারের চ্যাম্পিয়নরা।

এমআই