অস্ট্রেলিয়া সিরিজ জিতবে বাংলাদেশ, বিশ্বাস আশরাফুলের
খেলা ডেস্ক
২২ মে ২০২৬, ২১:২২
ঘরের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে দারুণ আত্মবিশ্বাসে আছে বাংলাদেশ। তবে সামনে অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ। পূর্ণশক্তির দল নিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া।
শক্তি ও পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে অজিরা। তবে ঘরের কন্ডিশনে তাদের হারানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ শিবির। সেই বিশ্বাসই শোনা গেল ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের কণ্ঠে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত একমাত্র ওয়ানডে জয় এসেছে বাংলাদেশের।
২০০৫ সালে কার্ডিফে সেই ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন আশরাফুল নিজেই। দীর্ঘ ২১ বছর পর এখন তিনি খেলোয়াড় নন, বরং কোচ হিসেবে গড়ে তুলছেন নতুন প্রজন্মকে।
একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আশরাফুল বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশ্যই কঠিন সিরিজ হবে। ২০০৫ সালের পর আর জেতা হয়নি। খুব বেশি ম্যাচও খেলিনি আমরা। তবে সুযোগ ছিল, কাছাকাছিও গিয়েছিলাম।’ ২০০৮ সালে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করেও শেষ পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ।
আশরাফুল বলেন, ‘ওই ম্যাচটা আমরা প্রায় জিতে গিয়েছিলাম। তামিম, সাকিব ভালো খেলেছিল। কিন্তু শেষ পর্যন্ত হয়নি।’ তবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স থেকে আশাবাদী এই ব্যাটিং কোচ। ২০২১ সালে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারানোর উদাহরণ টেনে তিনি বলেন, সেটিই এখন দলের বড় অনুপ্রেরণা।
তিনি বলেন, ‘এইবার অবশ্যই আশা থাকবে। তারা আমাদের মাঠে খেলবে। যদি আমরা সেরা ক্রিকেট খেলতে পারি, সিরিজ জেতা সম্ভব।’ পাকিস্তানের বিপক্ষে দারুণ সিরিজ শেষে আপাতত ছুটিতে আছে বাংলাদেশ দল। তবে ঈদের পরই শুরু হবে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি।
সূচি অনুযায়ী, ৯, ১১ ও ১৪ জুন হবে তিনটি ওয়ানডে, সব ম্যাচই মিরপুরে। এরপর ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামে হবে টি-টোয়েন্টি সিরিজ।
এমআই