আইপিএল নয়, টেস্ট ক্রিকেট অস্ট্রেলিয়ানদের মূল লক্ষ্য!
খেলা ডেস্ক
২২ মে ২০২৬, ২২:৪৮
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ঝলমলে দুনিয়ায় খেললেও প্যাট কামিন্সের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার এখনো টেস্ট ক্রিকেট। অস্ট্রেলিয়া অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের হয়ে সাদা পোশাকের ক্রিকেটই তার মূল লক্ষ্য। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব দিচ্ছেন কামিন্স।
লিগ পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের আগে নিজের অবস্থান পরিষ্কার করেন এই অজি পেসার। কামিন্স বলেন, ‘আমার জন্য কিছুই বদলায়নি। অস্ট্রেলিয়ার ক্রিকেট, বিশেষ করে টেস্ট ক্রিকেটই আমার এক নম্বর অগ্রাধিকার।’
অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক হিসেবে যত বেশি সম্ভব ম্যাচ খেলতে চান বলেও জানান তিনি। কামিন্স আরও বলেন, ‘আমি কোনো টেস্ট মিস করতে চাই না। যতটা সম্ভব দেশের হয়ে খেলাই আমার লক্ষ্য।’ আইপিএলকে অবশ্য উপভোগ করেন কামিন্স। তবে সেটি আন্তর্জাতিক সূচির ফাঁকে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
এই অজি অধিনায়ক বলেন, ‘আইপিএলের ভালো দিক হলো, এটি সাধারণত আমাদের ছুটির সময়ের সঙ্গে মিলে যায়। তাই সহজেই খেলা যায়। কিন্তু আমার মূল ফোকাস সবসময় অস্ট্রেলিয়ার ক্রিকেটই থাকবে।’
এমআই