লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব
খেলা ডেস্ক
২২ মে ২০২৬, ২৩:১৩
আবারও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। সরাসরি চুক্তিতে বাংলাদেশি এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস। শুক্রবার নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিবকে দলে নেওয়ার ঘোষণা দেয় এলপিএল কর্তৃপক্ষ।
পোস্টে তারা লিখেছে, ‘গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো যোগ দিচ্ছেন কিংসে। এলপিএল ২০২৬ সামনে রেখে জাফনা কিংসের সঙ্গে চুক্তি করেছেন সাকিব আল হাসান।’ অবশ্য এর আগে জাফনায় সাকিব খেলবে বলে সংবাদ প্রকাশ করে শ্রীলঙ্কার একাধিক গণমাধ্যম।
সাকিবকে নিয়ে আলাদা প্রশংসাও করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তাদের ভাষায়, দলের যখন স্থিতি প্রয়োজন, তখন আসে রান; যখন দরকার ব্রেকথ্রু, তখন আসে উইকেট। আর চাপের মুহূর্তে সাকিব ধরে রাখেন অসাধারণ আত্মসংযম।
এলপিএলের পোস্টে আরও বলা হয়, টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ও পরিপূর্ণ অলরাউন্ডারকে দলে নিয়ে নিজেদের শক্তি আরও বাড়িয়েছে জাফনা কিংস। এর আগে ২০২৩ সালে এলপিএলে খেলেছিলেন সাকিব। সেবার গল টাইটান্সের জার্সিতে মাঠে নেমেছিলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
এমআই