Advertisement
Us Bangla Airlines
৪ বার শিরোপা জেতা দলে খেলবেন সাকিব-তাসকিন

৪ বার শিরোপা জেতা দলে খেলবেন সাকিব-তাসকিন

খেলা ডেস্ক

২৩ মে ২০২৬, ১৬:০৯

দীর্ঘ সাড়ে ছয় মাস পর আবারও স্বীকৃত ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংস। একই দলে খেলবেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদও।

চারবারের চ্যাম্পিয়ন জাফনা সরাসরি চুক্তিতে নিয়েছে বাংলাদেশের দুই তারকাকে। এলপিএলের পাঁচ আসরের মধ্যে চারবারই শিরোপা জিতেছে দলটি। প্রথম আসরে তাদের নাম ছিল জাফনা স্ট্যালিয়ন্স, পরে জাফনা কিংস নামেই আরও তিনটি ট্রফি জেতে তারা।

সাকিবকে দলে ভেড়ানোর ঘোষণা দিতে গিয়ে এলপিএল কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে লিখেছে, ‘বিশ্বখ্যাত টি-টোয়েন্টি তারকা সাকিব আল হাসান যোগ দিলেন জাফনা কিংসে। চাপের মুহূর্তে শান্ত থাকা, প্রয়োজনের সময়ে রান করা এবং ম্যাচ ঘুরিয়ে দেওয়া উইকেট নেওয়ার সামর্থ্য তাকে টি-টোয়েন্টির অন্যতম সেরা অলরাউন্ডারে পরিণত করেছে।’

তাসকিনকে নিয়েও উচ্ছ্বাস দেখা গেছে জাফনার বার্তায়। তারা বলেছে, ‘গতিময় ও আগ্রাসী এক ফাস্ট বোলারকে দলে যোগ করেছে জাফনা কিংস। বড় ম্যাচে নিজের ছাপ রাখার সামর্থ্য আছে তাসকিন আহমেদের।’

এলপিএলে সাকিবের অভিজ্ঞতা খুব বেশি নয়। ২০২৩ সালে গল টাইটান্সের হয়ে খেলেছিলেন তিনি। সেবার ৯ ইনিংসে ১৩৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১০ উইকেট। ইকোনমিও ছিল দারুণ, ওভারপ্রতি মাত্র ৫.৭০ রান।

তাসকিনও এর আগে একবার এলপিএলে খেলেছেন। ২০২৪ মৌসুমে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ৩ ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট।

এমআই