Advertisement
Us Bangla Airlines
ডিপিএলে ফিরেই ৭ ছক্কায় সেঞ্চুরি হাঁকালেন শান্ত

ডিপিএলে ফিরেই ৭ ছক্কায় সেঞ্চুরি হাঁকালেন শান্ত

খেলা ডেস্ক

২৩ মে ২০২৬, ১৮:০২

জাতীয় দলের দায়িত্ব শেষ করে ঘরোয়া ক্রিকেটে ফিরেই ব্যাট হাতে ঝড় তুললেন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নেতৃত্বে আলো ছড়ানোর পর এবার ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর জার্সিতে খেললেন দুর্দান্ত এক ইনিংস। প্রথম ম্যাচেই ৭ ছক্কার তাণ্ডবে হাঁকালেন অপরাজিত সেঞ্চুরি, দলকে এনে দিলেন সহজ জয়।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শনিবার ইউল্যাব ক্রিকেট মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড। ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শান্তর বিধ্বংসী ব্যাটিংয়ে ১১০ বল হাতে রেখেই জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।

শুরুর ধাক্কা অবশ্য সামলাতে হয়েছিল আবাহনীকে। তৃতীয় ওভারে মাত্র ৬ রান করে ফেরেন জিসান আলম। প্রথম সাত ওভারে স্কোরবোর্ডে জমা পড়ে মাত্র ১৮ রান। তবে অষ্টম ওভারে নাসির হোসেনকে ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শান্ত।

এরপর যেন পুরো মাঠটাই হয়ে ওঠে তার। একপ্রান্তে মাহিদুল ইসলাম অঙ্কন ছিলেন স্থির, অন্যপ্রান্তে আগ্রাসী ব্যাটিংয়ে ঝড় তুলেছেন শান্ত। ৪৯ বলে ফিফটি ছোঁয়ার পর আরও ভয়ংকর হয়ে ওঠেন তিনি। পরের পঞ্চাশ রান আসে মাত্র ৩১ বলে।

শহিদুল ইসলামের টানা দুই বলে চার ও ছক্কা মেরে ৮০ বলে পূর্ণ করেন শতরান। শেষ পর্যন্ত ৯০ বলে ৭ ছক্কা ও ৭ চারে ১০৮ রানে অপরাজিত থাকেন বাংলাদেশের অধিনায়ক। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার ১৬তম সেঞ্চুরি। অন্যপ্রান্তে দারুণ সঙ্গ দিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। চার ছক্কায় ৮৬ বলে ৫৬ রান করে অপরাজিত ছিলেন তিনিও।

এমআই