ক্রিকেটের নিয়মে নতুন ৪ পরিবর্তন আনছে আইসিসি
খেলা ডেস্ক
২৩ মে ২০২৬, ১৮:৩৩
আন্তর্জাতিক ক্রিকেটকে আরও আধুনিক ও গতিময় করতে একসঙ্গে চারটি নতুন নিয়ম আনার পরিকল্পনা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ওয়ানডেতে কোচদের মাঠে প্রবেশের সুযোগ থেকে শুরু করে টেস্টে বল পরিবর্তনের নতুন ভাবনা। বিভিন্ন ফরম্যাটেই বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আগামী ৩০ মে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির বোর্ড সভায় এসব প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হবে। অনুমোদন মিললে দ্রুতই কার্যকর হতে পারে নতুন নিয়মগুলো। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। চার পরিবর্তনের খবর জেনে নেওয়া যাক।
ড্রিংকস ব্রেকে মাঠে ঢুকতে পারবেন কোচ
ওয়ানডে ক্রিকেটে ড্রিংকস ব্রেকের সময় হেড কোচদের মাঠে প্রবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে আইসিসি। বর্তমানে কেবল বদলি খেলোয়াড় বা ড্রিংকস বহনকারী সদস্যরা মাঠে যেতে পারেন। নতুন নিয়ম চালু হলে ম্যাচের মাঝেই কোচরা খেলোয়াড়দের সঙ্গে সরাসরি কৌশলগত আলোচনা করতে পারবেন।
টি-টোয়েন্টিতে কমবে বিরতির সময়
টি-টোয়েন্টি ক্রিকেটে দুই ইনিংসের মাঝের বিরতি বর্তমানে ২০ মিনিট। সেটি কমিয়ে ১৫ মিনিট করার প্রস্তাব দেওয়া হয়েছে। ম্যাচের গতি বাড়ানো এবং সম্প্রচার ব্যবস্থাকে আরও কার্যকর করতেই এই পরিবর্তনের পরিকল্পনা আইসিসির।
অবৈধ বোলিং অ্যাকশনে প্রযুক্তির ব্যবহার
সন্দেহজনক বোলিং অ্যাকশন আরও দ্রুত ও নিখুঁতভাবে শনাক্ত করতে হক-আই প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে আইসিসি। নতুন নিয়ম চালু হলে অন-ফিল্ড আম্পায়াররাও প্রযুক্তিগত তথ্যের সহায়তা নিতে পারবেন।
টেস্টে লাল বল বদলে পিঙ্ক বল!
সবচেয়ে আলোচিত প্রস্তাব এসেছে টেস্ট ক্রিকেটে। আবহাওয়া বা আলোর সমস্যায় ম্যাচ চালিয়ে নিতে দুই দলের সম্মতিতে লাল বলের বদলে পিঙ্ক বল ব্যবহারের সুযোগ দিতে চায় আইসিসি। বিশেষ করে ডে-নাইট কন্ডিশনে খেলা সচল রাখতেই এই পরিকল্পনা।
এমআই