বাংলাদেশ ক্রিকেটে কেন উন্নতি নেই, ব্যাখ্যা দিলেন লিটন
খেলা ডেস্ক
২৫ মে ২০২৬, ০৯:২৯
বাংলাদেশ ক্রিকেট কেন এখনও বিশ্বমঞ্চে বড় দলগুলোর কাতারে উঠতে পারছে না, তার ব্যাখ্যা দিলেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। বিসিবির পডকাস্টে খোলামেলা আলোচনায় তিনি তুলে ধরেছেন টাইগারদের দীর্ঘদিনের বাস্তবতা। আর সেই বিশ্লেষণে মিলেছে জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের ভাবনারও প্রতিফলন।
বিশ্বকাপের মঞ্চে ছোট দলগুলোর বিপক্ষে জয় পেলেও শক্তিশালী প্রতিপক্ষ এলেই যেন থমকে যায় বাংলাদেশ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ম্যাচে বারবার হারের কারণ হিসেবে লিটন দেখছেন আন্তর্জাতিক সূচির বৈষম্যকে।
তার মতে, বাংলাদেশের অধিকাংশ সিরিজ ঘুরেফিরে হয় আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে। ফলে ওই দলগুলোর সঙ্গে পারফরম্যান্সও তুলনামূলক ভালো থাকে। কিন্তু বিশ্বের শীর্ষ দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলার সুযোগ না থাকায় অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস দুই জায়গাতেই ঘাটতি থেকে যায়।
লিটন বলেন, ‘আমাদের অধিকাংশ সময় খেলা হয় আয়ারল্যান্ড, জিম্বাবুয়ের সঙ্গে। তাই পারফরম্যান্সও তাদের বিপক্ষেই ভালো হয়। কিন্তু অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত কিংবা নিউজিল্যান্ডের সঙ্গে খুব বেশি ম্যাচ থাকে না। সেদিক থেকে ঘাটতি তো থাকবেই।’
এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনও দ্বিপাক্ষিক ওয়ানডে বা টেস্ট সিরিজ খেলেননি বলেও জানান এই উইকেটকিপার ব্যাটার। টি-টোয়েন্টি সিরিজ খেললেও সেটি ছিল মূলত দ্বিতীয় সারির দলের বিপক্ষে। ফলে বিশ্বকাপ ছাড়া অজিদের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তার খুবই সীমিত।
অন্যদিকে ক্রিকেটের বড় পাঁচ দল নিয়মিত নিজেদের মধ্যে সিরিজ খেলে অভিজ্ঞতা ও প্রতিযোগিতার ধার আরও শাণিত করছে। কিন্তু বাংলাদেশের মতো দলগুলোর বিপক্ষে তারা হয় সিরিজ আয়োজন করে না, নয়তো পূর্ণশক্তির দল পাঠায় না। লিটনের মতে, এতে ছোট দলগুলোর উন্নতির পথও কঠিন হয়ে পড়ে।
তবে প্রশ্ন উঠছে দেশের ক্রিকেট প্রশাসন নিয়েও। বড় দলগুলোর বিপক্ষে আরও বেশি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে না পারার দায় এড়াতে পারে না বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগও। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে উন্নতির সবচেয়ে বড় মঞ্চ নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ।
এমআই