Advertisement
Us Bangla Airlines
ম্যাচ না জিতেও সুখবর পেলেন জ্যোতি-মারুফারা

ম্যাচ না জিতেও সুখবর পেলেন জ্যোতি-মারুফারা

খেলা ডেস্ক

০২ জুন ২০২৬, ১৭:১৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে টাইগ্রেসদের। তবে দলীয় ব্যর্থতার মাঝেও ব্যক্তিগত পারফরম্যান্সে এসেছে স্বস্তির খবর। আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিং হালনাগাদে উন্নতি হয়েছে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের।

মঙ্গলবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ত্রিদেশীয় সিরিজে স্কটল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪৬ রান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ৭৭ রানের দারুণ ইনিংস খেলেই এই অগ্রগতি অর্জন করেছেন তিনি।

জ্যোতির পাশাপাশি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তারেরও। মোস্তারি এক ধাপ এগিয়ে ৪৬ নম্বরে এবং স্বর্ণা দুই ধাপ এগিয়ে ৬০ নম্বরে অবস্থান করছেন। তবে পিছিয়েছেন ওপেনার শারমিন আক্তার ও উইকেটরক্ষক ব্যাটার দিলারা আক্তার। শারমিনের অবনতি হয়েছে ৯ ধাপ, আর দিলারা নেমেছেন দুই ধাপ।

বল হাতেও এসেছে সুখবর। নেদারল্যান্ডসের বিপক্ষে ২৬ রান খরচায় ২ উইকেট নেওয়া পেসার ফারিহা তৃষ্ণা বোলারদের র‌্যাঙ্কিংয়ে এক লাফে ১৫ ধাপ এগিয়ে ৬২ নম্বরে উঠে এসেছেন। এছাড়া মারুফা আক্তার, সুলতানা খাতুন ও স্বর্ণা আক্তারেরও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।

বাংলাদেশি বোলারদের মধ্যে এখনও সবার ওপরে রয়েছেন লেগ স্পিনার রাবেয়া খান। কোনো পরিবর্তন ছাড়াই তিনি অবস্থান ধরে রেখেছেন ১৭ নম্বরে। অন্যদিকে দুই ধাপ পিছিয়েছেন নাহিদা আক্তার। এক ধাপ অবনতি হয়েছে মেঘলা আক্তারের, আর পাঁচ ধাপ পিছিয়েছেন রিতু মনি।

এদিকে নারী টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের লিনজি স্মিথ। ব্যাটারদের তালিকায় এক নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার জর্জিয়া ভল। আর অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হ্যালি ম্যাথিউস।