Advertisement
Us Bangla Airlines
২৪১৩ দিনের পুরোনো রেকর্ড ভাঙলেন বাংলাদেশি ওপেনার

২৪১৩ দিনের পুরোনো রেকর্ড ভাঙলেন বাংলাদেশি ওপেনার

খেলা ডেস্ক

০৪ জুন ২০২৬, ২২:৫৬

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ, বিশ ওভারের খেলা নেমেছে আট ওভারে। স্বল্প ওভারের ম্যাচে জিততে চাই ঝড়ো ব্যাটিং। শুরুতে ব্যাট করতে নামা বাংলাদেশ ব্যাটিংয়ে ঝড়টাই তুলেছে। মাত্র পাঁচ ওভারেই ৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ নারী দল, যার সিংহভাগ রানই করেছেন ওপেনার দিলারা আক্তার।

নেদারল্যান্ডসের বিপক্ষে ২৬ বলে ৫১ রানে আউট হওয়ার দিনে পেয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি। পাশাপাশি ২২ বলে ফিফটি করে গড়েছেন নতুন রেকর্ড। টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দলের হয়ে দ্রুততম ফিফটি মালিক এখন দিলারা আক্তার।

এর আগে ২০১৯ সালে লাহোরের পাকিস্তানের বিপক্ষে ২৮ বলে ফিফটি করেছিলেন মিডলঅর্ডার ব্যাটার রোমানা আক্তার। নারী টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের দ্রুততম ফিফটি ছিল। সময়ের হিসাবে, ২৪১৩ দিনের পুরোনো সেই রেকর্ড ভেঙেছেন ওপেনার দিলারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি সারতে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে শুরুতে হেরে পিছিয়ে পড়ে টাইগ্রেসরা। গেল ম্যাচে অধিনায়ক জ্যোতির ফিফটিতে স্কটিশদের হারায় লাল-সবুজের দল। ফলে ফাইনাল খেলতে আজকে বাংলাদেশকে জিততেই হতো।

অলিখিত ফাইনালে চিন্তা বাড়িয়েছিল বেরসিক বৃষ্টি। কিন্তু বৃষ্টির থামার পর দিলারার ঝড়ে আট ওভারে ৯৮ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৮৫ রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস। তাতে ১৩ রানের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।