Advertisement
Us Bangla Airlines
নতুন রেকর্ডে নাম লেখালেন মুশফিক

নতুন রেকর্ডে নাম লেখালেন মুশফিক

খেলা ডেস্ক

০৫ জুন ২০২৬, ২১:৪৪

জাতীয় দলকে বিদায় বললেও ব্যাট হাতে থামার কোনো লক্ষণ নেই মুশফিকুর রহিমের। বয়স ৩৯ ছুঁয়েছে, কিন্তু পারফরম্যান্সে যেন আরও ধার বেড়েছে অভিজ্ঞ এই ব্যাটারের। ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ঝড়ো এক ইনিংস খেলে শুধু দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরিই করেননি, গড়েছেন নতুন এক মাইলফলকও।

গাজী গ্রুপের বিপক্ষে মাত্র ৫৪ বলে শতক পূর্ণ করেন মুশফিক। ফিফটি ছুঁতে খেলেছিলেন ৩৪ বল, এরপর পরের ২০ বলেই যোগ করেন আরও ৫০ রান। এর মধ্য দিয়ে নিজের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।

তবে এই ইনিংস ডিপিএলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছুঁতে পারেনি। সেই রেকর্ড এখনও জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলরের দখলে। ২০১৩ সালে প্রাইম ব্যাংকের হয়ে মাত্র ৪৬ বলে শতক করেছিলেন তিনি। চলতি মৌসুমে ৪৯ বলে সেঞ্চুরি করে দেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ড নিজের করে নিয়েছেন মোসাদ্দেক হোসেন।

যদিও দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হাতছাড়া হয়েছে, তবু দিনটি স্মরণীয় হয়ে থাকবে মুশফিকের জন্য। কারণ বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

ম্যাচ শুরুর আগে এই কীর্তি গড়তে মুশফিকের প্রয়োজন ছিল ৬৯ রান। শতক হাঁকিয়ে অনায়াসেই সেই সীমা অতিক্রম করেন তিনি। বাংলাদেশের ক্রিকেটে এই অর্জন এখন শুধুই তার একার।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০ হাজার রানের গণ্ডি পেরিয়েছেন বাংলাদেশের মাত্র তিন ক্রিকেটার। মুশফিক ছাড়াও এই তালিকায় রয়েছেন তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিমের ঝুলিতে রয়েছে ১১ হাজার ৭৩৬ রান। আর এখনও খেলে যাওয়া মাহমুদউল্লাহর সংগ্রহ ১০ হাজার ১৮৪ রান।

বিশ্ব লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে আছেন গ্রাহাম গুচ। ৬০১ ইনিংসে তার রান ২২ হাজার ২১১। এই তালিকার প্রথম সারিতে আরও আছেন শচীন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারার মতো কিংবদন্তিরা।

নতুন এই মাইলফলকের পর লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ৫৫তম স্থানে উঠে এসেছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের জার্সি খুলে রাখলেও, ব্যাট হাতে তিনি এখনও বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় ভরসার নাম।