Advertisement
Us Bangla Airlines
সাগরিকার শেষ জাদুতে সাফের ফাইনালে বাংলাদেশ

সাগরিকার শেষ জাদুতে সাফের ফাইনালে বাংলাদেশ

খেলা ডেস্ক

০৩ জুন ২০২৬, ১৯:৩৪

টানটান উত্তেজনা, সমানতালে লড়াই। শেষ মুহূর্ত পর্যন্ত জমে থাকা ম্যাচে নাটকীয় জয়ের গল্প লিখল বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল নেপাল। চাপের মুখে বাংলাদেশ রক্ষণভাগকে বারবার পরীক্ষা দিতে হয়। ২৩তম মিনিটে কর্নার থেকে গীতা রানির গোলে এগিয়ে যায় নেপাল। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচে ফেরে বাংলাদেশ। কর্নার থেকে সরাসরি শটে দারুণ গোল করেন ঋতুপর্ণা চাকমা, ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও দুই দলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। একাধিক সুযোগ তৈরি করেও কেউই গোল পায়নি। ম্যাচ গড়ায় যোগ করা সময়ে। ঠিক তখনই আসে সেই মাহেন্দ্রক্ষণ। ডান দিক থেকে আক্রমণে উঠে সামসুন্নাহার জুনিয়রের নিখুঁত পাসে বল জালে পাঠান সাগরিকা। তার শেষ মুহূর্তের এই গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ের মাধ্যমে সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বার ফাইনালে উঠল বাংলাদেশ। এর আগে দুইবারই ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল লাল-সবুজের দল। এবারও সেই একই প্রতিপক্ষকে হারিয়ে আবারও ফাইনালের মঞ্চে বাংলাদেশের পদচারণা।