বাংলাদেশের কন্ডিশনে পরীক্ষা দিতে প্রস্তুত অস্ট্রেলিয়া
খেলা ডেস্ক
০৫ জুন ২০২৬, ২৩:০৭
পাকিস্তানের স্পিন-সহায়ক উইকেট, নিচু বাউন্স আর তীব্র গরমে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে অস্ট্রেলিয়াকে। সেই অভিজ্ঞতা নিয়েই এবার বাংলাদেশ সফরে এসেছে তারা। ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিস মনে করছেন, বাংলাদেশেও একই ধরনের কন্ডিশনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের জন্য।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। সিরিজ শেষ করেই তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় সফরকারীরা। শুক্রবার বিকেলে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া দল।
পাকিস্তান সফর শেষে বাংলাদেশের কন্ডিশন নিয়ে ইংলিস বলেন, ‘ওখানেও হয়তো আমরা একই রকম কন্ডিশন পেতে পারি। অপেক্ষা করে দেখতে হবে। তবে এখানে খেলে কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি, পরিকল্পনাগুলোও গুছিয়ে নিতে পেরেছি। দলের অনেকের জন্যই এটি ভালো শেখার সুযোগ ছিল।’
পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার প্রথমবারের মতো উপমহাদেশের কন্ডিশনে খেলার সুযোগ পেয়েছেন। ওয়ানডে সিরিজে অভিষেক হয়েছে অলিভার পিকের। সুযোগ পেয়েছেন কুপার কনোলির মতো উঠতি ক্রিকেটাররাও। উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারিকেও ওপেনিংয়ে পরীক্ষা করে দেখা হয়েছে।
ইংলিসের বিশ্বাস, এমন কঠিন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের ভবিষ্যতে আরও সমৃদ্ধ করবে।
‘অনেকের জন্যই এটি নতুন অভিজ্ঞতা। অলিভার পিককে আমি বলেছি, একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে এর চেয়ে কঠিন কন্ডিশন পাওয়া সম্ভবত কঠিন। এই কন্ডিশনে কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়, রিভার্স সুইং ও স্পিন কীভাবে সামলাতে হয়—এসব বিষয়ে আমরা অনেক কিছু শিখেছি,’ বলেন অজি অধিনায়ক।
বাংলাদেশ সফরে অবশ্য কিছুটা শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে অস্ট্রেলিয়া। পাকিস্তান সিরিজে না থাকা ট্রাভিস হেডকে পাওয়া যাবে এই সফরে। ফলে ব্যাটিং বিভাগে বাড়তি শক্তি যোগ হবে তাদের।
আগামী মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর টি-টোয়েন্টি সিরিজের জন্য চট্টগ্রামে যাবে দুই দল।